ফুটবলের মহামঞ্চে বাংলাদেশি সঞ্জয়, সঙ্গে নোরা ফাতেহি | চ্যানেল আই অনলাইন

ফুটবলের মহামঞ্চে বাংলাদেশি সঞ্জয়, সঙ্গে নোরা ফাতেহি | চ্যানেল আই অনলাইন

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়ার খবরে আগেই আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। এবার সেই প্রতীক্ষার অবসান। শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে মঞ্চে থাকবেন আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ শিল্পী ভেজেড্রিম। তিনজন একসঙ্গে পরিবেশন করবেন বহুল আলোচিত বিশ্বকাপ সংগীত ‘সির সির’।

টরন্টো স্টেডিয়ামে কানাডার গ্রুপপর্বের ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য এই আয়োজন। কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য এবং শিল্প-সৃজনশীলতাকে বিশ্বের সামনে তুলে ধরতেই আয়োজন করা হয়েছে বিশেষ এই অনুষ্ঠান।

এরই মধ্যে বিশ্বকাপের কাউন্টডাউন কনসার্টে নোরা ফাতেহি ও ভেজেড্রিমের সঙ্গে সঞ্জয়কে এক মঞ্চে দেখা গেছে। প্রাণবন্ত পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বাসে ভরা সেই অনুষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফলে মূল অনুষ্ঠান ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছে অনেক।

বিশ্বকাপের এই আয়োজনের আরেকটি বড় আকর্ষণ কানাডার খ্যাতিমান শিল্পী মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেট। এছাড়া অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স এবং ইলিয়ানাসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী পারফর্ম করবেন।

তবে বাংলাদেশি দর্শকদের চোখ থাকবে সঞ্জয়ের দিকেই। কারণ বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে কোনো বাংলাদেশির পারফর্ম করার সুযোগ স্বচক্ষে দেখাকে বিরল বলছেন অনেকে।

এর মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সঞ্জয়ের বিশ্বকাপের গান ‘সির সির’। প্রায় এক মাস আগে মরক্কোয় গানটির ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন হয়। গত ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে। আর সেই গানের পরিবেশনাই এবার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তুলে ধরবেন সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেজেড্রিম।