বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে শুধু নিজেদের নয়, পুরো এশিয়ার ফুটবলের প্রতিনিধিত্ব করতে চায় জাপান। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ হাজিমে মরিয়াসু।
টেক্সাসে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। এর আগে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নজর কেড়েছিল ব্লু সামুরাইরা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচ শেষে এশিয়ার দেশটির কোচ মরিয়াসু বলেছেন, ‘আমরা অবশ্যই জাপানের প্রতিনিধিত্ব করছি এবং বিশ্বের সামনে দেশকে তুলে ধরতে গর্ববোধ করি। তবে এখন আমরা এশিয়ারও প্রতিনিধিত্ব করছি।’
‘আমি জানি, এশিয়ার অনেক দল এখনও তেমন সফল হতে পারেনি। আমরা জিততে না পারলেও চাই, আমাদের পারফরম্যান্স অন্য এশিয়ান দলগুলোর জন্য অনুপ্রেরণা হোক। আমরা তাদের আশা হয়ে উঠতে চাই।’
মরিয়াসু মতে, এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা যত বাড়বে, ততই উন্নত হবে এই অঞ্চলের ফুটবলের মান।
আগামী সোমবার রাউন্ড অব ৩২ এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে লড়াই।





