স্থানীয় সরকার নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি – DesheBideshe

স্থানীয় সরকার নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি – DesheBideshe


স্থানীয় সরকার নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি – DesheBideshe

ঢাকা, ৩ জুলাই – স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি ইউনিয়ন পরিষদ- কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে আয়োজন করা হবে, তা নির্ধারণে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন বিশ্লেষকদের মতামত নিতে চায় কমিশন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সংলাপ শুরু করে আগস্টের মধ্যে তা শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। সংলাপের পরেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হতে পারে। ইসি সচিবালয় সূত্র জানায়, দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান বর্তমানে জনপ্রতিনিধিশূন্য অবস্থায় রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে নির্দলীয় স্থানীয় নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুতি নিতে শুরু করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে আচরণবিধি সংশোধনের কাজ চলছে।

এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ঠিক করা হবে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। বর্তমানে নির্বাচন উপযোগী ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের তথ্য সংগ্রহ করেছে ইসি।

কমিশন অন্তত তিন মাসের প্রস্তুতি নিয়ে ভোটের মাঠে নামার লক্ষ্য নির্ধারণ করেছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগামী অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার একটি লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

গত ৩০ জুন সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনের জন্য আচরণবিধির খসড়ার ওপর মতামত সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে। রবিবার ইসির অনানুষ্ঠানিক সভায় সার্বিক অগ্রগতির তথ্য পর্যালোচনা করা হয়।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, মাঠপর্যায়ের প্রয়োজনীয় সব তথ্য ইতোমধ্যে কমিশনের হাতে এসেছে এবং অক্টোবরকে লক্ষ্যমাত্রা ধরে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।

এস এম/ ৩ জুলাই ২০২৬