ইউটিউবে নতুন মাইলফলক অর্জন করেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকীর আহমেদ পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘অজ্ঞাতনামা’।
চ্যানেল আই টিভি-র ইউটিউব ভিউ ইতোমধ্যে ১ কোটি ছাড়িয়েছে। সিনেমা হলে যারা মিস করেছিলেন, তারা হুমড়ি খেয়ে ইউটিউবে উপভোগ করছেন সাড়া জাগানো এই চলচ্চিত্র।
ইউটিউব থেকে ‘অজ্ঞাতনামা’ দেখে হাজার হাজার দর্শক এই সিনেমার প্রশংসা করছেন। শত শত মন্তব্যে, দর্শকদের নির্মম বাস্তবতার কথা উল্লেখ করেছেন। কেউ কেউ আবার সিনেমাটিকে ‘মাস্টারপিস’ বলে আখ্যা দিয়েছেন।
প্রবাসী শ্রমিকদের জীবন, তাদের অনিশ্চয়তা এবং মৃত্যুর পর পরিচয়হীন হয়ে পড়ার নির্মম বাস্তবতা নিয়ে তৌকীর আহমেদ নির্মাণ করেন ‘অজ্ঞতনামা’।
সিনেমাটির গল্পে দেখা যায়, মধ্যপ্রাচ্যে কর্মরত কয়েকজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু তাদের মরদেহ দেশে ফেরত পাঠানোর সময় পরিচয় নিয়ে জটিলতা তৈরি হয়।
মৃতদের পরিচয় শনাক্ত করা, মরদেহ গ্রহণ করা এবং স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় উঠে আসে নানা অনিয়ম, স্বার্থ ও মানবিক সংকট।
‘অজ্ঞাতনামা’র সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধু কয়েকজন প্রবাসী শ্রমিকের গল্প নয়; বরং অভিবাসী শ্রমিকদের প্রতি রাষ্ট্র ও সমাজের দৃষ্টিভঙ্গি, দারিদ্র্য, স্বজনদের অসহায়ত্ব এবং মানুষের পরিচয়ের মূল্য নিয়ে প্রশ্ন তোলে।
সিনেমাটির নাম ‘অজ্ঞতনামা’-ও প্রতীকী; যে মানুষগুলো জীবিত অবস্থায় পরিবারের জন্য উপার্জন করেন, মৃত্যুর পর তারাই কখনো কখনো হয়ে যান পরিচয়হীন একটি লাশ।
ফরিদুর রেজা সাগর প্রযোজিত চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফলজুর রহমান বাবু, মোশাররফ করিম, শহিদুজ্জামান সেলিম, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত প্রমুখ।
‘অজ্ঞতনামা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, সার্ক চলচ্চিত্র উৎসব, এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব, মেরিল-প্রথম আলো পুরস্কার, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কসভো চলচ্চিত্র উৎসব, গালফ অব নেপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের মর্যাদাকর চলচ্চিত্র উৎসবে নানা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল।



