
ঢাকা, ২ সেপ্টেম্বর – বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ডলারের দরপতন রোধ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার দুপুরে প্রায় তিন মাস পর কেন্দ্রীয় ব্যাংক এই নিলাম কার্যক্রম পরিচালনা করে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই অর্থ সংগ্রহ করা হয়। এর আগে সর্বশেষ গত ২০ মে বাজার থেকে ডলার কেনা হয়েছিল বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান যে মঙ্গলবার সকালে ডলারের বাজারে নিম্নমুখী প্রবণতা ছিল।
ওই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স হাউজ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৪০ পয়সা দরে সংগ্রহ করছিল। এছাড়া আমদানি দায় বা এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছিল ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সার মধ্যে।
বর্তমানে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় এবং আমদানি দায় পরিশোধের চাপ কম থাকায় দাম কিছুটা কমছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধীর হওয়াও চাহিদার ওপর প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজারের অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়।
সাধারণত সকালের দিকে ডলার কেনার ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার দুপুরে এই বার্তা দেওয়া হয়। এর ফলে সকালে অনেক ব্যাংক কম দরে এলসি নিষ্পত্তি করলেও বিকেলে দরে কিছুটা পরিবর্তন আসে।
গত দুই সপ্তাহে ডলারের দামে বড় ধরনের ওঠানামা আমদানিকারক ও গ্রাহকদের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা তৈরি করেছে। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ বাজারে একটি সম্ভাব্য নিম্নসীমার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬

