
১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের ২৪ বছর বয়সী জোহেইরি মোলা। শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ভিয়েতনামে অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।
ডোমিনিকান রিপাবলিকের জন্য এটি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় মুকুট। এর আগে ১৯৮২ সালে দেশটির হয়ে প্রথমবার এই খেতাব জিতেছিলেন মারিয়াসেলা আলভারেজ।
সান্তো ডোমিঙ্গোর বাসিন্দা জোহেইরি মোলা পেশায় শিক্ষিকা, সাংবাদিক ও সমাজকর্মী। ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি।
শিক্ষাকে নিজের কাজের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন মোলা। তিনি স্কুলে সাহিত্য ও সমাজবিজ্ঞান পড়ান। পাশাপাশি নিজ সম্প্রদায়ের শিশু ও তরুণদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে ‘ভয়েসেস অব টুমরো’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
প্রতিষ্ঠানটির মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য আরও সুযোগ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় উপকরণ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।
‘ডিস্ট্রিটো ন্যাসিওনাল’-এর প্রতিনিধিত্ব করে ২০২৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক’ খেতাব জেতেন মোলা। পরে আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনস। দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা।
ভিয়েতনামে অনুষ্ঠিত এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শীর্ষ ৪০ জনের মধ্যে জায়গা করে নেওয়ার পর ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত মুকুট জিতে নেন জোহেইরি মোলা।
প্রতিবেদক
ফারাহ মাহজাবিন
বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

