বিশ্বসাহিত্য কেন্দ্রে আমীরুল ইসলামের জীবন ও সৃজনকর্ম স্মরণ

সদ্য প্রয়াত ছড়াকার, লেখক, অনুবাদক, নির্মাতা ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান আমীরুল ইসলামের জীবন ও সৃজনকর্ম স্মরণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন ‘আমীরুলের ভুবন: যা দেখি, তাই ছড়া হয়ে যায়’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইস্কুল’-এর সদস্যরা। সহযোগিতায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের সাহিত্য আড্ডা ও চ্যানেল আই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্যা রুমা।
আয়োজনে আমীরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টিজীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন তাঁর বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আব্দুল মান্নান, লেখক খ ম হারূন, আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন, ছড়াকার আসলাম সানী, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, সংগীতশিল্পী কোনালসহ বহু গুণীজন।
তাঁর ছড়া ও কবিতা, শিশুসাহিত্য, অনুবাদ, চলচ্চিত্র নির্মাণ, পুরান ঢাকার সঙ্গে তাঁর সম্পর্ক এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদান উঠে আসে আলোচনায়।
অনুষ্ঠানে আমীরুল ইসলামকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তাঁর লেখা থেকে নির্বাচিত অংশ পাঠ ও আবৃত্তি করা হয়।
গত ১১ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে কিডনিজনিত জটিলতায় মারা যান আমীরুল ইসলাম। প্রয়াণের পর তাঁকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সমাজকর্মী, শিল্পী, চিকিৎসক, স্থপতি, ব্যাংকার, করপোরেট পেশাজীবী, ফ্যাশন ডিজাইনারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আমীরুল ইসলামের অন্যতম প্রিয় রবীন্দ্রসংগীত ‘আকাশ ভরা সূর্য-তারা’ পরিবেশন করা হয়।
এদিকে আমীরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায় শুরু হয়েছে সাত দিনের বিশেষ প্রদর্শনী। ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
প্রদর্শনীতে রাখা হয়েছে তাঁর প্রকাশিত বই, বিভিন্ন সময়ের ছবি, হাতে লেখা পাণ্ডুলিপি, আঁকা ছবি, ব্যক্তিগত সংগ্রহ এবং ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। পাশাপাশি রাখা হয়েছে স্মৃতিখাতা। সেখানে তাঁর বন্ধু, সহকর্মী, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা আমীরুল ইসলামকে ঘিরে নিজেদের স্মৃতি ও অনুভূতি লিখে রাখতে পারবেন।
আয়োজকদের ভাষ্য, ছড়া ও শিশুসাহিত্য থেকে অনুবাদ, চলচ্চিত্র নির্মাণ, চিত্রকলা এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড- বহু মাধ্যমে বিস্তৃত ছিল আমীরুল ইসলামের সৃষ্টিজগৎ। তাঁর এই বৈচিত্র্যময় ও বহুমাত্রিক সৃজনজীবনকে স্মরণ ও উদ্যাপন করতেই আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান ও প্রদর্শনীর।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
