
ম্যাথিউ বিট্রজকে সেঞ্চুরিতে তিনশর কাছাকাছি সংগ্রহ গড়েছিল সাউথ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৯.২ ওভারে স্কোরবোর্ডে ৯০ রান যোগ করে সফরকারীরা। দ্রুত ফিফটি তুলে নেওয়ার পর মার্শ ফিরতেই বদলে যায় ম্যাচের চিত্র। এরপর একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬৭ রানে হার দেখে অস্ট্রেলিয়া।
ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটে নামে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে তারা। জবাবে নেমে ৪১.২ ওভার ২৩০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
আগে ব্যাটে নেমে শুরুতেই বিপাকে পড়ে প্রোটিয়ারা। ২৯ রানের মধ্যেই দুই ওপেনার কুইন্টন ডি কক ও টনি জর্জিকে হারায় স্বাগতিকরা। জর্জি শূন্য এবং ডি কক ১৪ রান করে ফেরেন।
তৃতীয় উইকেটে টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ব্রিটজকে। ৩০ রান করে বাভুমা ফিরলেও ব্রিটজকে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। রায়ান রিকেলটন ২৭ এবং ডেভিড মিলার ৯ রান করে আউট হন।
এরপর ষষ্ঠ উইকেটে মার্কো জানসেনকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন ব্রিটজকে। সেঞ্চুরি পূরণের পর ১০৬ বলে ১১২ রানে থামেন ব্রিটজকে। অন্যদিকে দ্রুত ফিফটি তুলে নেওয়া জানসেনের ইনিংস থামে ৫৯ বলে ৭৫ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে নাথান এলিস তিন উইকেট নেন। অ্যাডাম জাম্পা দুটি এবং জশ হ্যাজলউড একটি করে উইকেট নেন।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মিচেল মার্শ। ট্রাভিস হেডকে নিয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৯.২ ওভারে আসে ৯০ রান তোলেন। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট করা অস্ট্রেলিয়ান অধিনায়ক ৩৬ বলে ৬০ রান করে আউট হন। মার্শের বিদায়ের পরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় প্রোটিয়াদের হাতে। স্পিন আক্রমণে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। কেশব মহারাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ।
ওপেনার ট্রাভিস হেড ৩৭ বলে ৩৬ রান করেন। বাকি নয় ব্যাটারের মধ্যে কুপার কনোলি ও ম্যাট রেনশো ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। কনোলি ৪২ বলে ৩৮ এবং রেনশো ৪৯ বলে ৪৪ এবং মিচেল স্টার্ক ১৬রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বল হাতে প্রোটিয়াদের হয়ে কেশব মহারাজ চার উইকেট নেন। বিজর্ন ফরচুন ও কোরবিন বোশ নেন দুটি করে উইকেট।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

