ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধের বিলে মন্ত্রিসভার অনুমোদন, লঙ্ঘন করলেই বড় অঙ্কের জরিমানা – DesheBideshe

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধের বিলে মন্ত্রিসভার অনুমোদন, লঙ্ঘন করলেই বড় অঙ্কের জরিমানা – DesheBideshe


রোম, ২৫ সেপ্টেম্বর – ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরিধান সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার বিধান রেখে একটি বিতর্কিত বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ১৪০ ডলার (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) পর্যন্ত জরিমানের প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্ত্রিসভা জরুরি অধ্যাদেশ জারির মাধ্যমে বহুল বিতর্কিত এই প্রস্তাবের অনুমোদন দেয়। এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’-র যুব সমাবেশে এই সিদ্ধান্তের প্রাথমিক রূপরেখা তুলে ধরেছিলেন মেলোনি।

নতুন এই অধ্যাদেশের মূল দুটি শর্ত

১. বোরকা ও নিকাব নিষিদ্ধ: আগামী বছর থেকে ইতালির সব ধরনের স্কুলে মুখ ঢাকা বোরকা ও নিকাব পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। (তবে সাধারণ হিজাব এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না)।

২. বিদেশি শিক্ষার্থীর কোটা নির্ধারণ: ইতালীয় ভাষায় পারদর্শী নয়, এমন শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি অধ্যাদেশ হওয়ার কারণে এটি অবিলম্বে কার্যকরের সুযোগ রয়েছে; তবে চূড়ান্ত বাস্তবায়নের জন্য ৬০ দিনের মধ্যে দেশটির পার্লামেন্টে এটি পাস করাতে হবে। অন্যদিকে, ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা ইঙ্গিত দিয়েছেন—নতুন কোনো নিয়ম যেন শিক্ষার্থীদের শিক্ষার মূল অধিকারে বাধার সৃষ্টি না করে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

ডানপন্থী রাজনীতি ও দেশজুড়ে তীব্র বিতর্ক

মেলোনি সরকারের এমন কট্টর পদক্ষেপকে কেন্দ্র করে ইতালিজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী নেতাদের তোপ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরম ডানপন্থী ভোটারদের মেরুকরণ করতে সরকার শিক্ষার মৌলিক সমস্যাগুলো এড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘সাংস্কৃতিক সংঘাত’ উসকে দিচ্ছে।

এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৬