জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব পদে রয়েছেন উদ্ধার হওয়া যুবক মো. আবদুল্লাহ আল আমিন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আল আমিন। তাঁর নিখোঁজের বিষয়ে গত শুক্রবার দুপুরে সোনাগাজী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত বুধবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ওই দিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে দুটি মুঠোফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।
আল আমিনের চাচা আবদুল হক নোমান বলেন, আল আমিনকে উদ্ধারের বিষয়টি শুক্রবার মধ্যরাতে পুলিশ তাঁদের জানায়। আল আমিনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। সুস্থ হওয়ার পর আল আমিনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যাবে।




