<![CDATA[
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‘জনগণই আওয়ামী লীগের মূল শক্তি’- উল্লেখ করে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, সেই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কারও ভয়ভীতিতে নয়, এ দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা এই দেশের পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, জাতীয় চার মূলনীতিকে ভূলুণ্ঠিত করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
আরও পড়ুন: ষড়যন্ত্র করলে আগের নির্বাচনের মতো ব্যবস্থা নেয়া হবে: মেনন
বিএনপি’র ‘তত্ত্বাবধায়কের’ দাবি প্রসঙ্গে শামীম বলেন, নির্বাচন নিয়ে তারা (বিএনপি) নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কারণ তারা জানে জনগণের ভোটে তাদের ক্ষমতায় আসার শক্তি নেই। আন্তর্জাতিক জরিপেও উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। সে কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে তারা তৎপর।
তিনি বলেন, গত নির্বাচনে বিএনপির পলাতক নেতা তারেক রহমানের মনোনয়ন বাণিজ্যের কারণে জনগণ হলুদ কার্ড দেখিয়েছে। এবার নির্বাচনে লাল কার্ড দেখাবে।’
ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মেদ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে নড়িয়ায় নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উড়াল সেতু ও ডাকবাংলোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং পানি উন্নয়ন বোর্ড আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী।
]]>

