LATEST
All Blacks v England: Will Jordan ruled out of final test of the season Aptly named racehorse smashes track record, helps fund Canberra palliative care ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ২০২৭ সালের ঈদুল ফিতর ও আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ বিদেশে থাকা আওয়ামী সন্ত্রাসীরা অস্থিরতা ও অর্থ পাচারে জড়িত, তাদের ফেরাতে সহায়তা চাইল সরকার ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার ‘অবনী বাড়ি আছো?’ অথবা এক অনিকেত যাযাবর কবির ডায়েরি I’m legally blind and can’t seem to land a job. How can I increase my chances?
Districts News Updates

ইয়াবা ব্যবসায় আমার দলের লোক জড়িত: এমপি মিঠু

ইয়াবা ব্যবসায় আমার দলের লোক জড়িত: এমপি মিঠু

সিলেট: সীমান্তবর্তী জনপদ মৌলভীবাজারের বড়লেখায় রাতের আঁধারে অবৈধ মহিষ চোরাচালান এবং ভয়াবহ ইয়াবা কারবার নিয়ে সরাসরি নিজ দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা প্রকাশ্যে স্বীকার করে তোলপাড় সৃষ্টি করেছেন বিএনপির স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতা—মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

শুধু স্বীকারোক্তিই নয়, প্রশাসনের নির্লিপ্ততা ও পুলিশ-বিজিবির নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—অপরাধী নিজ দলের হলেও তাদের বিরুদ্ধে একগুণ নয়, বরং ‘ডাবল’ আইনি ব্যবস্থা নিতে হবে।

রোববার (২৩ অক্টোবর) বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়’ দেওয়া তার এই সাহসী ও রাখঢাকহীন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সচেতন মহল বলছেন, যেখানে অধিকাংশ রাজনৈতিক নেতা নিজ দলের অপরাধীদের আড়াল করতে ব্যস্ত থাকেন, সেখানে প্রকাশ্য প্রশাসনিক সভায় নিজ দলের লোকজনের মাদক ও চোরাচালান সংশ্লিষ্টতার কথা অকপটে তুলে ধরে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া এক বিরল ও ইতিবাচক দৃষ্টান্ত।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি সরাসরি বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতিনিধিদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তিনি অভিযোগ করেন, রাতের বেলায় বড়লেখা বাজারের মূল সড়কের ওপর দিয়ে প্রকাশ্যে চোরাই মহিষের ট্রাক চলাচল করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত লজিস্টিক সহায়তা দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমার অফিসার ইনচার্জ এবং বিজিবিকে বলা হচ্ছে—বড়লেখা বাজারের ওপর দিয়ে আজকের পর থেকে যদি রাত্রে কোনো মহিষের গাড়ি যায়, এটার জন্য অফিসার ইনচার্জ আপনি কিন্তু দায়ী থাকবেন। আপনাকে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি, সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। গাড়ি নিয়ে ওপেন এদিকে মহিষের ট্রাক যাবে—এই ধরনের সমাজে আমরা বসবাস করতে চাই না।’

প্রশাসন ব্যর্থ হলে নিজেই রাজপথে নেমে চোরাই ট্রাক আটকানোর ঘোষণা দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আর আপনারা যদি দায়িত্ব পালন না করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কিন্তু ওই ট্রাক ধরব, ওই গাড়ি ধরব। তখন আমাকে কেউ আপনারা দোষারোপ করবেন না, আমাকে কেউ অন্য কিছু বলবেন না।’

বক্তব্যের একপর্যায়ে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে স্বীকার করেন যে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা মহিষের এই কারবারের সাথে তাঁর নিজের দলেরও অনেক নেতাকর্মী জড়িত রয়েছেন। কিন্তু দলীয় পরিচয়ের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছাড় দিচ্ছে—এমন ইঙ্গিত করে তিনি প্রশাসনের সৎসাহস নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘আমি দেখেছি আমার দলেরও অনেক মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। আমি অনেক দিন আগে বলেছি যে আমার দলের লোক যদি এটার সাথে জড়িত আপনারা পান, আপনারা ডাবল ব্যবস্থা নেবেন—সিঙ্গেল ব্যবস্থা নেবেন না, ডাবল ব্যবস্থা নেবেন। তো তারপরেও আপনাদের সৎসাহস আমি পাই নাই, আপনাদের সৎসাহসটা দেখি নাই। বিজিবি একটা কাজ করেছিল কাঁঠালতলীর ওইখানে, তার পরবর্তীতে আর কিছু দেখিনি।’

বড়লেখা উপজেলায় মরণনেশা ইয়াবার ভয়াবহ বিস্তার নিয়েও সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কোনো ধরনের লুকোচুরি না করেই তিনি জানান, এই মাদক কারবারের পেছনেও তার দলের একশ্রেণির লোক জড়িত। অথচ পুলিশ সবকিছু জেনেও রহস্যজনক কারণে অভিযান চালাচ্ছে না; বরং অনেক ক্ষেত্রে তার কাছে ঘুরিয়ে-ফিরিয়ে অনুমতি নেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি ক্ষোভের প্রকাশ করে আরও বলেন, ‘ইয়াবা ব্যবসার বিষয়ে আমি বলব, এখানে লুকোচুরির কোনো বিষয় নাই, ইয়াবা ব্যবসার সঙ্গে আমার দলের অনেক লোক জড়িত আছে। আপনারা ধরেন না কিসের জন্য? আমি শুনি আপনারা জানেন, আবার আমার কাছে অনুমতি চান, আমার কাছে ঘুরেফিরে এইটা করেন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো ধরনের রাজনৈতিক চাপ বা পরিচয়ের তোয়াক্কা না করে বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি। অপরাধীর কোনো দল নেই-এমন বার্তা দিয়ে সভায় উপস্থিত প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আজকের হাউজে যে আপনারা এগুলো বড় ধরনের অপারেশন করে বন্ধ করেন। কে বিএনপি করল, কে আওয়ামী লীগ করল, কে জামায়াত করল -এটা তো বড় বিষয় না।’

মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা বড়লেখা দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই গরু-মহিষ এবং মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী একটি সিন্ডিকেটের ছত্রছায়ায় রাতের আঁধারে বাজারের বুক চিরে চোরাই পশুবাহী ট্রাক চলাচল করে এবং পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ছে ইয়াবা। রাজনৈতিক পরিচয়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করত বলেও জনশ্রুতি ছিল।

তবে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় খোদ রাজনৈতিক নেতার মুখ থেকে এমন স্পষ্ট ও কঠোর নির্দেশনা আসার পর সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সচেতন মহলের মতে, এখন আর পুলিশের বা বিজিবির সামনে ‘রাজনৈতিক চাপের’ কোনো অজুহাত অবশিষ্ট রইল না। এখন দেখার বিষয়, প্রকাশ্য সভায় পাওয়া এই ‘সবুজ সংকেত’ ও কঠোর হুঁশিয়ারির পর বড়লেখা থানা পুলিশ এবং বিজিবি সীমান্তের চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কতটা কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়।

The post ইয়াবা ব্যবসায় আমার দলের লোক জড়িত: এমপি মিঠু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news