ঢাকা : বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের কষ্টার্জিত অর্থ চুরির ঘটনা রোধ করতে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক বা ভুয়া ওয়েবসাইট বন্ধে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে যশোর-১ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
সংসদে দেওয়া উত্তরে মন্ত্রী জানান, বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই ছাড়া কোনো সিম যাতে কোনোভাবেই নিবন্ধন বা সচল করা না যায়, সে বিষয়ে কঠোর কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সঠিকভাবে নিবন্ধিত সিম ব্যবহার করেই কেবল এমএফএস অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অত্যন্ত নিবিড়ভাবে ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
এমএফএস প্রতারণা প্রতিরোধে গ্রাহকদের সচেতন করার ওপর বিশেষ জোর দিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অনলাইন প্রতারণায় ব্যবহৃত ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট এবং এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত মোবাইল নম্বরগুলো দ্রুত শনাক্ত করে তা বন্ধের জন্য বিটিআরসি প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের একটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে অপকর্ম বা জালিয়াতিতে ব্যবহৃত ভুয়া সিমগুলো বন্ধেও সরকার তৎপর রয়েছে। এ ধরনের কোনো ভুয়া বা অবৈধ সিমের তথ্য পাওয়া মাত্রই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিটিআরসিকে জানানো হয় এবং তৎক্ষণাৎ তা বন্ধের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ জনগণ বা কারও কাছে কোনো সন্দেহজনক বা ভুয়া সিমের তথ্য থাকলে তা দ্রুত জানালে সরকার তাৎক্ষণিকভাবে আইনানুগ পদক্ষেপ নেবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
The post এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন যাচাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.