LATEST
মিরপুরে ককটেল বিস্ফোরণে অটোরিকশাযাত্রী জমি ব্যবসায়ী আহত Chip inquiry in US was halted after Nvidia intervention Immanuel Feyi-Waboso ruled out of England’s Nations Championship fixtures ঢাকা-চট্টগ্রামে গান শোনাবেন লাকি আলী মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন Supermarket fridges: The new battlefront of cyber warfare in Europe Pregnancy sickness left a Whanganui mum battling food for years ‘গলা টিপে ধরে সরি বলানো যায়?’ ভিডিও বার্তায় প্রশ্ন পরীমনির
Top News

গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’

গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’

‘গজব রাত’ দিল্লির এক ঘটনাবহুল রাতের গল্প। দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অজয় নির্ভিত (মনোজ বাজপেয়ী) তখন ভাবছেন কীভাবে নিজের পকেট আরও ভারী করা যায়। ঠিক সেই সময় তাঁর হাতে আসে একটি গুরুত্বপূর্ণ মামলা। কনট প্লেসের পিভিআর প্লাজার সামনে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন এক তরুণী। তাঁর শরীর গুরুতর আহত। চরিত্রটিতে অভিনয় করেছেন অদিতি সন্ধ্যা শর্মা। অজয় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গভীর রাতে সিনেমা দেখে ফেরা দর্শকদের তোলা ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পর্দাজুড়ে উড়তে থাকে টুইটের মতো নানা পোস্ট। বলিউডের সিনেমায় সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে দেখানো হয়, দৃশ্যগুলোও অনেকটা সে রকম।

একনজরেসিনেমা: ‘গজব রাত’ধরন: ক্রাইম–থ্রিলারভাষা: হিন্দিপরিচালনা: রিতেশ শাহঅভিনয়: মনোজ বাজপেয়ী, শ্রদ্ধা দাস, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, সাকিব সেলিম, রাজীব গুপ্ত, নুচরাত ভারুচাস্ট্রিমিং: নেটফ্লিক্সদৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩ মিনিট

অ্যাম্বুলেন্স আসার আগেই অজয়কে সামলাতে হয় এক কড়া স্বভাবের সমাজকর্মীকে (শ্রদ্ধা দাস)। এর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও ফোন আসতে শুরু করে। কোনো রাজনীতিকই চান না, আবারও ‘নারীর নিরাপত্তা’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হোক। অদ্ভুতভাবে প্রায় ফাঁকা একটি হাসপাতালে যখন আহত তরুণীকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হচ্ছে, তখন সেখানে হাজির হন তাঁকে হত্যা করতে চাওয়া প্রভাবশালী ব্যক্তিরা।

‘গজব রাত’–এর পোস্টার। আইএমডিবি

সিবিআইয়ের এক সন্দেহজনক কর্মকর্তা (অক্ষয় ওবেরয়) অজয়কে নানা কথায় ভুলিয়ে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে অজয়ও হঠাৎ পাওয়া ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধারে মরিয়া। পরে আরেক সিবিআই কর্মকর্তা এসে আগের কর্মকর্তার অবস্থানকে চ্যালেঞ্জ করেন। মামলার দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়। সব মিলিয়ে অজয় একধরনের অসাধু মধ্যস্থতাকারীতে পরিণত হন। তবে তাঁর মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে—অচেতন অবস্থায় পড়ে থাকা এই তরুণীকে ঘিরে প্রভাবশালী মানুষগুলোর এত মাথাব্যথা কেন? মোটাদাগে এ–ই হলো সিনেমাটির গল্প। হাতে ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যেন দিল্লির অপরাধের ঘটনা নিয়ে নিয়ে সিনেমা–সিরিজ বানাতে উঠেপড়ে লেগেছে। ‘দিল্লি ক্রাইম’, ‘পাতাললোক’–এর পর এই ঘরানায় নতুন সংযোজন ‘গজব রাত’। সিনেমা হিসেবে গড়পড়তা হলেও থ্রিলারপ্রেমীরা বেশ পছন্দ করেছেন এটি। বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে রয়েছে এটি।

চিত্রনাট্যকার হিসেবে পরিচিত রিতেশ শাহ এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে ‘গজব রাত’-এ তাঁর সহলেখক ও প্রযোজক নীরজ পান্ডের প্রভাব স্পষ্ট। এ সমস্যা অবশ্য নতুন নয়। নীরজ প্রযোজিত সব সিনেমা দেখতে দেখতে যদি বারবার তাঁর কথাই মনে পড়ে, তবে আর নতুন নির্মাতাদের সুযোগ দিয়ে লাভ কি? সিনেমার ধীরগতির হাঁটা ও চরিত্রের প্রবেশের দৃশ্যগুলো বাদ দিলে দুই ঘণ্টার এই থ্রিলার অনায়াসেই ৩০ মিনিট ছোট করা যেত। এমন দৃশ্য বারবার আসায় সিনেমার দৈর্ঘ্য অপ্রয়োজনীয়ভাবে বেড়েছে।

‘গজব রাত’–এর পোস্টার। আইএমডিবি

রিতেশ শাহ ও নীরজ পান্ডের গল্পের শুরুটা বেশ সম্ভাবনাময়। তবে এগোতে গিয়ে সেই সম্ভাবনা ধরে রাখতে পারেননি তাঁরা। দুজনের লেখা চিত্রনাট্য শুরুতে বেশ আকর্ষণীয়। দর্শককে গল্পের সঙ্গে আটকে রাখে। কিন্তু দ্বিতীয়ার্ধে চিত্রনাট্য অনেকটাই অবিশ্বাস্য হয়ে ওঠে।

পরিচালক হিসেবে রিতেশ শাহর কাজ গড়পড়তা। তবে সিনেমায় এতগুলো চরিত্র থাকার পরও গল্পকে জটিল বা বিভ্রান্তিকর হতে দেননি তিনি। ধীরে ধীরে গল্পের জট খোলেন। একে একে সামনে আনেন চরিত্রগুলোর পরিচয় এবং রহস্যময় তরুণীকে ঘিরে তাদের স্বার্থের বিষয়টি।

অজয় নির্ভিত চরিত্রটি বিশেষভাবে নজর কাড়ে। নিজের বুদ্ধি খাটিয়ে নানা কৌশলে পরিস্থিতি সামাল দেওয়া এবং পাঁচ কোটি রুপির প্রস্তাব এড়িয়ে যাওয়ার চেষ্টা—সব মিলিয়ে চরিত্রটির কর্মকাণ্ড বেশ উপভোগ্য। মেয়েটির পরিচয় ঘিরে তৈরি হওয়া রহস্য এবং শেষ পর্যন্ত সেই রহস্যের উন্মোচন দর্শকের আগ্রহ ধরে রাখে।

তবে দ্বিতীয়ার্ধে এসে সিনেমার গতি ও বিশ্বাসযোগ্যতা দুটোই কমতে থাকে। মেয়েটির পরিচয় এবং কেন প্রভাবশালী ব্যক্তিরা তাকে হত্যা করতে চায়, তা জানার পর গল্পের দুর্বলতা স্পষ্ট হয়। এখানে এমন কিছু ক্ষমতাধর ব্যক্তি জড়িত, বাস্তব পরিস্থিতিতে যাঁদের পক্ষে মেয়েটিকে সরিয়ে দেওয়া খুব কঠিন হওয়ার কথা নয়। অথচ সিনেমায় দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা একাই সব অপরাধীর বিরুদ্ধে লড়াই করছেন।

‘গজব রাত’–এর দৃশ্য। আইএমডিবি

সিনেমার অতিরঞ্জিত উপস্থাপনা এবং দ্রুতগতির আবহসংগীত গল্পে একধরনের জরুরি পরিস্থিতির আবহ তৈরি করে। কিন্তু এই সংগীতের সঙ্গে মূল চরিত্রের শ্লেষাত্মক ও ঠান্ডা মেজাজের কোনো মিল নেই। বিরামহীন অ্যাকশন দৃশ্যগুলো অনেকটা অ্যারন সরকিনের সংলাপের মতো। দর্শকের মনে হয়, গল্প বুঝি দ্রুত এগোচ্ছে; অথচ আসলে নড়াচড়া করছে ক্যামেরা।

‘গজব রাত’-এ বেশ কিছু ভালো দিক রয়েছে। মনোজ বাজপেয়ী শুধু কপালের অভিব্যক্তি দিয়েই বলিউডের অর্ধেক অভিনয়শিল্পীকে টেক্কা দিতে পারেন। অজয় নির্ভিত চরিত্রে তাঁর অভিনয় তারই প্রমাণ। অজয় এমন একজন চালাক পুলিশ কর্মকর্তা, যিনি নিজের স্বার্থে পুরো ব্যবস্থাকে কীভাবে ব্যবহার করতে হয়, তা ভালোই জানেন।

সিনেমার আবহসংগীত তাঁর চরিত্রের মেজাজের সঙ্গে পুরোপুরি মানানসই না হলেও অজয় নিজের মতো করে লড়াই চালিয়ে যান। তিনি অনর্গল মিথ্যা বলতে পারেন, তা-ও আবার নির্বিকার মুখে। ‘আপনি কোথা থেকে এসেছেন?’—এ প্রশ্নের তিন রকম উত্তর দেন তিনি। তাঁর চোখেমুখে সব সময় একধরনের সন্দেহজনক অভিব্যক্তি, হাঁটাচলাতেও রয়েছে কৃত্রিমতা। সব মিলিয়ে অজয় এমন এক অনৈতিক পুলিশ কর্মকর্তা, যিনি নিজের কাজে অত্যন্ত দক্ষ।

দর্শক স্বাভাবিকভাবেই অজয়কে বিচার করতে শুরু করেন। তিনি নারীসঙ্গপ্রিয়, দুর্বৃত্ত, প্রতারক; যৌনকর্মীদের প্রতি তাঁর একধরনের দুর্বলতা রয়েছে, আবার ঘুষ নিতেও তাঁর আপত্তি নেই। কিন্তু চরিত্রটি দেখতে দেখতে দর্শক এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে যান—শিল্পীকে তাঁর শিল্প থেকে আলাদা করে বিচার করা যায় কি না, সে প্রশ্নও সামনে আসে।

এক রাতের নানা ঘটনার মধ্য দিয়ে অজয় যত গভীরে প্রবেশ করেন, তাঁর চরিত্রের পরিবর্তনও ততটা অনিবার্য হয়ে ওঠে। তবে পরিবর্তনের পথে গিয়ে নির্মাতারা তাঁর নৈতিক ধূসরতাকে পুরোপুরি মুছে ফেলেননি। অনুশোচনা ও ভালো হয়ে ওঠার চেষ্টার মধ্যেও তিনি পুরোপুরি ভালো মানুষ হয়ে যান না। চরিত্রটির এই ভারসাম্য বজায় রাখা সহজ কাজ নয়। দুর্বল কোনো অভিনেতার হাতে পড়লে হয়তো তা ভেঙে পড়ত।

মামলার ঝুঁকি অনেক বড়। তারপরও একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা এক রাতের জন্য নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কাজ করেন। দর্শক বুঝতে পারেন, পরদিন সকালেই হয়তো অজয় আবার পুরোনো জীবনে ফিরে যাবেন। কিন্তু তাতে কিছু যায়-আসে না। এক রাতের জন্য তাঁর এই পরিবর্তনই যথেষ্ট।

তবে একটা সময় গিয়ে মনে হয়, সিনেমাটি নিজের বক্তব্য নিয়ে দ্বিধায় পড়ে গেছে। যে প্রভাব তৈরি করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেদিকে পুরোপুরি এগোতে পারেনি।
রহস্যের জট খুলতে শুরু করার পর সিনেমায় ঠোঁট মেলানো, ডাবিং ও সম্পাদনার কিছু সমস্যা চোখে পড়ে। এসব দেখে মনে হয়, নির্মাণের একপর্যায়ে হয়তো মূল পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নিজের বক্তব্যের ওপর সিনেমাটির নিজেরই আত্মবিশ্বাস যেন কমে যায়।

থ্রিলার হিসেবে ‘গজব রাত’ নতুন কিছু দিতে পারেনি, কিন্তু মনোজ বাজপেয়ীর অভিনয়ের জন্যই একবার দেখা যায়।

More in Top News

View all

Latest news