সাইফুল ইসলাম: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা মিনিবাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
The post মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন appeared first on ZoomBangla.