গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাক থেকে শহরে একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০জন আহত হন। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ।