ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগরে নৌকাসহ নিখোঁজ হয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার সাত জেলে। তাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন সামুদ্রিক সংস্থা। বাংলাদেশ ও মিয়ানমারের জলসীমায় নৌকাটি চলে গেছে কিনা তা যাচাইয়ে দুইদেশের কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তিনি জানান, গত ৪ নভেম্বর উপ্পাদা মণ্ডলের সুব্বামপেটা গ্রামের দুটি মাছ ধরার নৌকা সাগরে যায়। ১১ নভেম্বর নৌকা দুটি বিশাখাপত্তনমে পৌঁছায়। সেখান থেকে পরিবারের সদস্যদের জানানো হয়, মাছ ধরতে তারা আরও গভীর সমুদ্রে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত একটি নৌকা ফিরে এলেও অন্যটি সাত সদস্যের জেলের দলসহ নিখোঁজ হয়ে যায়।
গত ১৪ নভেম্বর নৌকার মালিক সিমহাদ্রি তার স্ত্রীকে ফোন করে জানান, ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল পানিতে আটকা পড়েছেন তারা। জেলেদের কাছ থেকে সেটিই ছিল শেষ ফোনকল।
গত ১২ নভেম্বর নিম্নচাপ হিসেবে ঘূর্ণিঝড় আকভানের সৃষ্টি হয়। ১৬ নভেম্বর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং ২০ নভেম্বর ওড়িশার গঞ্জামের কাছে উপকূলে আঘাত হানে। ততক্ষণ পর্যন্ত নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা আশা করছিলেন, তাদের নৌকাটিও ফিরে আসবে। কিন্তু সেটি ফিরে না আসায়, এরপরই ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃপক্ষকে অবহিত ককরা হয়, যাতে তারা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করতে পারে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ নৌকাটিকে সর্বশেষ ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সাগরে দেখা গিয়েছিল।
এদিকে, এক বিবৃতিতে অন্ধ্রপ্রদেশের রাজ্যের কৃষিমন্ত্রী কিনজারাপু অচ্চান্নাইডু জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাদের নৌকার অবস্থান শনাক্ত করতে বিভিন্ন সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে নিখোঁজ নৌকাটি অন্য কোনো দেশের জলসীমায় ভেসে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘এই সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বাংলাদেশ ও মিয়ানমারকেও সতর্ক করেছে। নৌকাটি ওই দুই দেশের জলসীমায় ভেসে গেলে যেন সেটি শনাক্ত ও উদ্ধার করা যায়, সে জন্য নিখোঁজ মাছ ধরার নৌকা সম্পর্কে তথ্য পাঠানো হয়েছে।’
মন্ত্রী আরও জানান, নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১ হাজার ৫০০ লিটার ডিজেল এবং প্রায় ৩০ দিন চলার মতো পর্যাপ্ত খাবার ছিল।
এর আগে চলতি বছরের আগস্টেও বঙ্গোপসাগরে নিখোঁজ হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের ড. বি আর আম্বেদকর কোনাসীমা জেলার সাত জেলে। তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
গত ৩ আগস্ট ওদালারেভু ফিশ ল্যান্ডিং সেন্টার থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ওই সাত জেলে। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে তাদের নৌকা অচল হয়ে পড়লে তারা সাগরে আটকা পড়েন। প্রায় ৫০ নটিক্যাল মাইল যাওয়ার পর নৌকার ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায়। আশপাশে কোনো মাছ ধরার নৌকা না থাকায় এবং তাৎক্ষণিকভাবে বাইরের কোনো সহায়তা পাওয়ার সুযোগ না থাকায় খোলা সাগরে অসহায় অবস্থায় পড়ে যান তারা।
প্রবল বাতাসে নৌকাটি কয়েক দিন ধরে ভেসে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কয়েক শ কিলোমিটার চলে যায়। অবশেষে ২৬ আগস্ট কলকাতার একটি মাছ ধরার নৌকা তাদের দেখতে পায় এবং উদ্ধার করে।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগরে নৌকাসহ নিখোঁজ ৭ জেলে, তল্লাশিতে নৌবাহিনী।