LATEST
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান All Blacks v England: Wallace Sititi expected to join Stade Francais in major blow Tax reform: How four proposed taxes could affect households All Blacks v England: Will Jordan ruled out of final test of the season ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগরে নৌকাসহ নিখোঁজ ৭ জেলে, তল্লাশিতে নৌবাহিনী Aptly named racehorse smashes track record, helps fund Canberra palliative care ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড ‘লিলি’
Top News

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ফিরেছেন জেনসেন হুয়াং। তবে পদে ফেরার আগে গত রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে নিজের আরও কিছু বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, তাঁকে এনভিডিয়ায় ফেরাতে নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের সঙ্গে কয়েক ঘণ্টার দীর্ঘ বৈঠক করে। সেখানে আগে ব্যাপকভাবে আলোচিত দুটি সম্পর্কের বাইরেও তিনি আরও সম্পর্কের কথা প্রকাশ করেন।

বৈঠকে হুয়াং নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে প্রতিবেদনে এই বাড়তি সম্পর্কের সঠিক সংখ্যা বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করা হয়নি।

ট্রাম্পের ব্যাপক তদবিরের পর রোববার সন্ধ্যায় এনভিডিয়ার পর্ষদ হুয়াংকে প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনতে রাজি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে পোস্টও দিয়েছিলেন। সেখানে তিনি যুক্তি দেন, এই সিদ্ধান্ত ‘কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের জন্যও’ সবচেয়ে ভালো পদক্ষেপ হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, হুয়াংকে পদে ফিরিয়ে আনলেও এনভিডিয়ার পর্ষদ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তিনি কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করেছেন। এসব সম্পর্কে জড়ানো এবং সেগুলো গোপন রাখার মাধ্যমে তিনি নিয়ম ভেঙেছেন।

তাইপের এক রেস্তোরাঁয় নৈশভোজে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ২২ মে ২০২৫। ভিডিও চিত্র থেকে নেওয়া

হুয়াংয়ের অন্যান্য সম্পর্ক নিয়ে কী জানা গেছে

এনভিডিয়ার পর্ষদের কাছে তথ্য প্রকাশের আগে হুয়াংয়ের অন্তত তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এর মধ্যে দুটি ব্যাপকভাবে আলোচিত।

চলতি মাসের শুরুতে হুয়াং স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং কোম্পানি মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশের পর তিনি এ কথা স্বীকার করেন। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে। পরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও সম্পর্ক ছিল হুয়াংয়ের।

হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পর বার্তা সংস্থা রয়টার্স জানায়, এনভিডিয়ার আরেক কর্মীর সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। তবে ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

রোববার এনভিডিয়ার পর্ষদের কাছে হুয়াং যে বাড়তি সম্পর্কের কথা জানিয়েছেন, তার মধ্যে অজ্ঞাতপরিচয় ওই এনভিডিয়া কর্মীর সঙ্গে থাকা তৃতীয় সম্পর্কটি ছিল কি না, তা স্পষ্ট নয়।

তাইপেতে নৈশভোজে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে রয়টার্সের শনাক্ত করা অ্যালিস হুয়াং, ২২ মে ২০২৫

হুয়াংয়ের পদে ফিরে আসা নিয়ে কী জানা গেছে

সোমবার হুয়াংয়ের প্রধান নির্বাহী হিসেবে ফেরার ঘোষণা দিয়ে এক বিবৃতি দেয় এনভিডিয়া। সেখানে বলা হয়, তাঁর সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনার পর পর্ষদ সর্বসম্মত ভোটে একই পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হুয়াংয়ের ‘খোলামেলা স্বীকারোক্তি এবং এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতায়’ পর্ষদ সন্তুষ্ট।

পর্ষদ আরও জানায়, যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছে। এতে তারা নিশ্চিত হয়েছে যে হুয়াংয়ের ফিরে আসা জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। তা সত্ত্বেও হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, সে বিষয়ে কোম্পানির স্বাধীন তদন্ত চলতে থাকবে। গত সপ্তাহে বড় ধরনের দরপতনের পর হুয়াংয়ের ফেরার খবরে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়ে ১৬৫ দশমিক ০৫ ডলারে ওঠে।

জেনসেন হুয়াং এনভিডিয়ায় ফিরেছেন, ‘প্রেমিকা’ অ্যালিস কোথায়

আগেই হস্তক্ষেপ করতে চেয়েছিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, তিনি আরও আগেই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চেয়েছিলেন। তবে তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি এতটা সফল হতে পারতেন কি না। তিনি আরও বলেন, ‘কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করায় পরিস্থিতি ধীরে ধীরে আরও বেশি অনুকূলে চলে আসে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সোমবার হুয়াংয়ের পদে ফেরা নিয়ে সংবাদমাধ্যম সিএনবিসিকে ফোনে জানান যে হুয়াং ‘অভিযোগ থেকে মুক্তি’ পেয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বাস করি তিনি পুরোপুরি ঠিক আছেন।’ এরপর প্রেসিডেন্ট বলেন, তিনিই হুয়াংকে ফিরিয়ে আনতে এনভিডিয়ার পর্ষদকে রাজি করিয়েছেন।

অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াং (ডানে)

হুয়াংকে ‘জাতীয় সম্পদ’ বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘আমি খুবই খুশি যে কোম্পানি ও পর্ষদ সঠিক কাজটি করার সাহস দেখিয়েছে।’

এদিকে হুয়াংয়ের পদে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বাণিজ্য বিভাগ একটি নতুন নিয়ম জারি করে। এর মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডভিত্তিক মেগাস্পিডসহ আরও ছয়টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কালোতালিকায় যুক্ত করা হয়।

নথিতে ওই বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি জানায়, এই প্রতিষ্ঠানগুলো অননুমোদিত ক্রেতা বা কাজে উন্নত কম্পিউটিং প্রযুক্তি অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে পারে বলে ঝুঁকি রয়েছে।

এনভিডিয়ায় হুয়াংকে পুনর্বহাল: ট্রাম্প বললেন, ‘সমঝোতাটা আমিই করেছি’

More in Top News

View all

Latest news