গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা জানা গেছে, শনিবার রাত আটটার দিকে প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেন ওই দুর্বৃত্তরা। পরে তারা উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তারা উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বর্ণি বাজারেও যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
এদিকে ওই সব আগুন ও ভাঙ্চুরের পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাত ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তাঁদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।
মোক্তার হোসেন আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালিয়েছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান শনিবার রাতে বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।