LATEST
সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা ‘Mushroom killer’ appeals case to Australia’s top court: media শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায়
Top News

তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা
রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়

চেন্নাই,২৭ নভেম্বর-ভারতের তামিলনাড়ু রাজ্যের বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ সরকারি কর্মচারীরা সন্তানের জন্মের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নিতে পারবেন।

বর্তমানে তামিলনাড়ু সরকারের নারী কর্মচারীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার পুরুষ কর্মচারীদের জন্যও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা হয়েছে।

সন্তান লালন-পালনের দায়িত্ব মা-বাবার মধ্যে ভাগ করে নেওয়ার গুরুত্ব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী সরকারি কর্মচারীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির বিধান মাতৃত্ব ও শিশুর কল্যাণের প্রতি সরকারের গুরুত্ব প্রকাশ করে। একইভাবে, পুরুষ কর্মচারীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হলে তারা পরিবারের দায়িত্ব ভাগ করে নিতে পারবেন। পাশাপাশি সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে বাবার সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত হবে।

রাজ্যের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক সরকারি আদেশে (জিও) বলা হয়েছে, তিনটির কম জীবিত সন্তান রয়েছে এমন বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীরা স্ত্রীর সন্তান প্রসবের সময় পূর্ণ বেতনে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। এ বিধান কার্যকর করতে ‘তামিলনাড়ু ফান্ডামেন্টাল রুলস’-এ প্রয়োজনীয় সংশোধনী এনে আলাদা আদেশ জারি করা হবে বলেও জানানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক ও সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান এ. জয়শ্রী গজরাজ বলেন, গর্ভাবস্থা, প্রসববেদনা, সন্তান জন্মদান এবং প্রসব-পরবর্তী সময়েও বাবার অংশগ্রহণ বাড়াতে পিতৃত্বকালীন ছুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরু থেকেই বাবার সম্পৃক্ততা মা-বাবা ও সন্তানের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এবং শিশুর যত্নের দায়িত্ব ভাগ করে নিতে সহায়তা করে। তবে তিনি এ ছুটির মেয়াদ বাড়িয়ে এক মাস করার পরামর্শ দিয়েছেন।

চেন্নাইয়ের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের প্রসূতি, স্ত্রীরোগ ও প্রজনন চিকিৎসা বিভাগের পরামর্শক পবিত্রা রামকৃষ্ণান বলেন, সন্তান জন্মের পর মায়ের শারীরিক সুস্থতা ফিরে পাওয়া এবং নবজাতকের যত্নের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রসব-পরবর্তী সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে বাবার সহযোগিতা মাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ দেয়। পাশাপাশি প্রসব-পরবর্তী বিষণ্ণতাসহ (পোস্ট-পার্টাম ডিপ্রেশন) বিভিন্ন মানসিক জটিলতা মোকাবিলায়ও সহায়তা করে।

এ ছাড়া তামিলনাড়ু সরকারি কর্মচারী সমিতির রাজ্য সভাপতি আন্না কুবেরান এবং তামিলনাড়ু গ্রাম প্রশাসনিক কর্মকর্তা সমিতির রাজ্য সভাপতি আর. অরুলরাজও সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আর. অরুলরাজ বলেন, এ বিষয়ে বিভিন্ন সময়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। বিশেষ করে যেসব কর্মচারী কাজের প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকেন, তাদের জন্য এই পিতৃত্বকালীন ছুটি অনেক উপকারী হবে।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news