দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। দক্ষিণ আফ্রিকার পিচগুলো গতিময়, বাউন্সি। কঠিন কন্ডিশনে প্রোটিয়াদের সামলানো যে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে, তা মানছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে বাংলাদেশের পেস আক্রমণ সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করছেন বলে সেই কন্ডিশনে বাংলাদেশের বোলিংও ভালো হবে বিশ্বাস হাবিবুলের। তবে প্রধান নির্বাচকের দুশ্চিন্তা ব্যাটারদের নিয়ে। অমন পিচে দক্ষিণ আফ্রিকার গতিময় পেসারদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে পারবেন তো!
শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনাল দেখতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হাবিবুল। দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক পারফরম্যান্সের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কঠিন সিরিজ হবে আমার ধারণা। সাউথ আফ্রিকা এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছে। তারা লাস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তাদের সঙ্গে ভালো করাটা অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের দলটির অবশ্যই আত্মবিশ্বাস একটু নিচে আছে। তবে আমার মনে হয়, আমরা ভালো দল। নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব।’
দক্ষিণ আফ্রিকা সবশেষ সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচটি ড্র করে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
অবশ্য গত অস্ট্রেলিয়া সফরে অজিদের বিপক্ষে জয়টা যে বাংলাদেশকে আত্মবিশ্বাস দিবে সেটাও উল্লেখ করলেন হাবিবুল। অস্ট্রেলিয়া সফরে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের পেসাররাই সেই জয়ের ভীত গড়ে দিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকা সফরেও পেসারদের ভালো করার সুযোগ দেখছেন হাবিবুল। বলেছেন, ‘আমাদের বোলিং সাইড যেকোনো টেস্ট দলের বিপক্ষে ১০-২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। যদি তেমন উইকেট দেওয়া হয়, আমি নিশ্চিত তাদের ব্যাটাররাও চ্যালেঞ্জে পড়বে। তবে আমি সবসময় বিশ্বাস করি, বিষয়টা প্রতিপক্ষকে নিয়ে নয়, আমাদের নিয়ে। আমরা কী করি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’
বোলারদের নিয়ে আত্মবিশ্বাস থাকলেও ব্যাটিং নিয়ে উদ্বেগ লুকাননি হাবিবুল। সাম্প্রতিক টেস্টগুলোতে ব্যাটারদের ব্যর্থতার প্রভাব দলের ফলেও পড়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারলে বোলারদের জন্যও ম্যাচে লড়াই করার সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচে ব্যাটাররা রান করেনি। যেদিন ব্যাটাররা রান করেছে, সেই টেস্ট ম্যাচটাতে কিন্তু আমরা ভালো খেলেছি। আমার মনে হয়, ব্যাটাররা ভালো করতে পারলে সাউথ আফ্রিকাকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারব।’
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
The post দক্ষিণ আফ্রিকা সফরে পেসারদের প্রতি আস্থা, হাবিবুলের চিন্তা ব্যাটিং নিয়ে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.