LATEST
All Whites v India live updates: Darren Bazeley’s final game in charge পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প রোনালদোকে ছাড়া বিধ্বস্ত হার পর্তুগালের, জিতেছেন হালান্ডরা ১০০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেও আবেদন Beauty entrepreneur Jaimee Lupton and Zuru co-founder Nick Mowbray welcome baby boy
Sports

জামাল-হামজার পর পরবর্তী ‘তারকা’ কি তাহলে ফারহান?

জামাল-হামজার পর পরবর্তী ‘তারকা’ কি তাহলে ফারহান?

ফুটবলে কিছু গোল শুধুই স্কোরলাইন বদলায় না, বদলে দেয় অনেক কিছু। কোনো কোনো গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা, আর মানুষের মনে জন্ম নেয় নতুন কোনো স্বপ্ন। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের গোলটিও যেন তেমনই। বল পায়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে চোখ ধাঁধানো এক গোল করেছেন ১৯ বছরের এই তরুণ। পাঁচ/ছয় জন ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানিয়ে ফারহানের সেই গোলটা যেন কোনো বড় শিল্পীর নিখুঁত তুলির আচড়ে আঁকা শিল্প! সতীর্থ হামজা চৌধুরীর বিস্ময়ভরা অভিব্যক্তি বলে দিচ্ছিল, কী দেখলেন তিনি!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে গোলটির ভিডিওর ক্যাপশন ছিল এক শব্দের—‘ম্যাজিক’। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ফারহানকে ডাকছেন ‘ফারহান মেসি’, কেউ আবার নেইমারের সঙ্গে মিলিয়ে বলছেন ‘ফারহান জুনিয়র’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারহানের গোলটা এখন ট্রেন্ডিংয়ে। তবে বিশ্ব ফুটবলের মহাতারকাদের সঙ্গে তুলনা কতটা যুক্তিসঙ্গত, সে বিতর্ক থাকতেই পারে। তবে গোলটির সৌন্দর্য নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যে ধরনের গোল এতদিন মেসি-নেইমারদের পায়ে দেখে মুগ্ধ হয়েছেন, এবার তেমনই এক মুহূর্তের জন্ম দিয়েছেন নিজেদেরই একজন। ফলে আহ্লাদ করে তো বলাই যায়- এটা আমাদের মেসি!

ফারহানের প্রতিভা নিয়ে কথা হচ্ছিল অনেকদিন ধরেই। এই গোলটার পর সেই আলোচনা পরবর্তী ধাপে এগিয়েছে। এই ছেলে কি বাংলাদেশের ফুটবলে পরবর্তী বড় তারকা?

বাংলাদেশের ফুটবল দিনকে দিন ঝিমিয়ে পড়ার উপক্রম তখন প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের আগমন নতুন আশার জানালা খুলেছিল। ডেনমার্কে বেড়ে ওঠা জামাল ভূঁইয়া যখন লাল-সবুজের জার্সিতে খেলতে এলেন, জাতীয় দলকে ঘিরে মানুষের আগ্রহে নতুন মাত্রা যোগ হয়েছিল। মাঠের পারফরম্যান্স, ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণে জামাল হয়ে উঠেছিলেন দলের বড় তারকা। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ইংল্যান্ডের ফুটবল থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এলেন হামজা চৌধুরী। তাঁকে ঘিরে সমর্থকদের উন্মাদনা আরও দৃশ্যমান। হামজাকে দেখতে টিকিট কেটে গ্যালারিতে দর্শকের ঢল নেমেছে, জাতীয় দলের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠছিল- ফুটবল, ক্রিকেটসহ সব খেলা মিলিয়ে হামজাই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কিনা।

সেই আলোচনা নিয়ে বিতর্ক থাকলও হামজা যে ফুটবলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তা নিয়ে বিতর্ক করার লোক নেই। জামাল ও হামজার পর এবার কি নতুন নাম ফারহান? গত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় দলে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার এসেছেন। তবে সবাইকে পাশ কাটিয়ে নতুনদের মধ্যে ফারহান কি হতে যাচ্ছেন পরবর্তী বড় তারকা? এখন এই আলোচনা সামনে।

ফারহানের বাংলাদেশের হওয়ার গল্পটা অনেক লম্বা। গল্পের শুরুটা বাংলাদেশের মাটিতে নয়, হাজার মাইল দূরের ইংল্যান্ডে। ২০০৬ সালের ৯ ডিসেম্বর জন্ম ফারহানের। বেড়ে ওঠা লন্ডনে। বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের পারিবারিক শিকড় সিলেটে। অর্থাৎ ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার পরিবারের শিকড় গাঁথা বাংলাদেশের মাটিতে। দাদা-নানার সূত্র ধরেই তাকে বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

পথটা খুব সহজ ছিল না। প্রয়োজন হয়েছে জন্মনিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্রের। সব প্রক্রিয়া শেষে বাংলাদেশের জার্সি বেছে নেন ফারহান। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপে অভিষেক হয় তার। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে পান প্রথম আন্তর্জাতিক গোল। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাকে নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত, আবেগের মুহূর্ত বলেছিলেন ফারহান।

বাংলাদেশে এসে জাতীয় স্টেডিয়ামের মাঠে নামার অভিজ্ঞতাও তার কাছে ছিল অন্যরকম। যে দেশের সঙ্গে তার বেড়ে ওঠার সরাসরি সম্পর্ক নেই, অথচ পারিবারিক শিকড়ে অস্তিত্ব, সেই দেশের মানুষের সামনে খেলতে নামা নিশ্চয়ই কেবল আরেকটি আন্তর্জাতিক ম্যাচ ছিল না। মাঠের মাটি ছুঁয়ে দেখার মুহূর্তে সেই আবেগেরই প্রকাশ ঘটেছিল। সেই আবেগকে পরে উৎসবে রূপান্তর করলেন ফারহান নিজে।

ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠার গল্পটি সম্ভাবনাময়। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ নেওয়ার পর ২০১৯ সালে যোগ দেন ফুলহামের একাডেমিতে। অনূর্ধ্ব-১৮ পেরিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। ২০২৫ সালে পান প্রথম পেশাদার চুক্তি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে ২১ ম্যাচে ছয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও নয়টি গোল। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন ফুলহামের ২০২৬ সালের জনি হেইনেস ট্রফি। পরে সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার লক্ষ্যে ধারে যোগ দিয়েছেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে।

ফারহানের সবচেয়ে বড় শক্তি তার গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের রক্ষণে ভয়ডরহীনভাবে ঢুকে পড়ার মানসিকতা। শ্রীলঙ্কার বিপক্ষে গোলটি যেন এসবের সম্মিলিত প্রদর্শনী। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ টমাস ডুলি বলছিলেন, ‘কী গোলটাই না করল ফারহান!’

তবে একটি গোলের আলোয় পুরো ভবিষ্যৎ লিখে ফেলা ঠিক হবে না। এক সময়কার জামাল কিংবা বর্তমানের হামজার মতো বড় তারকা হতে হলে ফারহানকে দেখাতে হবে ধারাবাহিকতা। ক্লাব ফুটবলে নিয়মিত খেলতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে নিজের সামর্থ্য বারবার প্রমাণ করতে হবে। তার বয়স এখনো মাত্র ১৯। সামনে পড়ে আছে দীর্ঘ পথ।

তবু স্বপ্ন দেখতে দোষ কী! বাংলাদেশের ফুটবলে একসময় জামালকে ঘিরে তৈরি হয়েছিল নতুন আগ্রহ, হামজার আগমনে সেই আগ্রহ পেয়েছে আরও বড় পরিসর। ফারহান যেভাবে পায়ের ঝলক দেখালেন তাতে এই আগ্রহ নিশ্চয় বাড়বে। এখন নিশ্চয় ফারহানকে দেখতেও টিকিট কেটে গ্যালারিতে যাবে দর্শকরা। ধারাবাহিকভাবে দর্শকদের সন্তুষ্ট করতে পারলে ফারহান বাংলাদেশের পরবর্তী বড় তারকা।

ফারহান কতটা পারবেন সেটা সময়ই বলে দিবে। তবে ১৯ বছর বয়সী এই তরুণের মধ্যে সেই সম্ভবনা যে প্রবল আছে তাতে সন্দেহ নেই।

The post জামাল-হামজার পর পরবর্তী ‘তারকা’ কি তাহলে ফারহান? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news