LATEST
নেকলেস বিতর্কে দীপিকা, নেট দুনিয়ায় তোলপাড় নয় নম্বর বিপদ সংকেত, কাদের জন্য হুমায়ূনের এই সতর্কবার্তা? Vivo Y51 Pro ফোনে আকর্ষণীয় অফার, পাওয়া যাচ্ছে বিশাল ডিসকাউন্ট সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা ব্যবসায়িক সংকটের মধ্যে মুখ খুললেন অনন্ত, যা বললেন বর্ষা বনানীর ‘ডুন’ রেস্তোরাঁ কেন এত ভাইরাল রংপুরে বালুবোঝাই ট্রাক উলটে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত অন্তঃসত্ত্বা মা অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, বললেন ‘পরগাছার রানি’
Districts News Updates

দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা-সংস্কৃতি চাননি: সংস্কৃতিমন্ত্রী

দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা-সংস্কৃতি চাননি: সংস্কৃতিমন্ত্রী

রাজবাড়ী: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষা ও সংস্কৃতি চাননি। অথচ শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব।’

শুক্রবার (১৩ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অসামান্য। তিনি শুধু কবি বা ঔপন্যাসিক ছিলেন না; ছিলেন নাট্যকার, কথাশিল্পী, সাংবাদিক ও প্রমোদরসিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অসামান্য অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি আমাদের সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ।’

মন্ত্রী আরও বলেন, ‘মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানকে ঐতিহ্যবাহী সম্পদ (হেরিটেজ প্রপার্টি) হিসেবে ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা অ্যাকাডেমির উদ্যোগে প্রতিবছর এখানে তার জন্মবার্ষিকী পালন করা হয়। চাইলে ঢাকায়ও এ আয়োজন করা সম্ভব ছিল। কিন্তু যেখানে তার স্মৃতি ও সমাধি রয়েছে, সেখানেই দিবসটি পালন করতে চাই। এর মধ্য দিয়ে স্থানীয় মানুষের মধ্যে তার স্মৃতি ও সাহিত্যকর্ম ধারণ করার সুযোগ তৈরি হয়। তার স্মৃতি যেন এ অঞ্চলের মানুষের মধ্যে চির জীবন্ত থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘কলেজটি সরকারি হলে এ অঞ্চলের মানুষের উপকার হবে। এ জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ ডিও লেটার দিয়েছেন।’ এ বিষয়ে তাকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। এ ছাড়া সারাদেশে প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে এ ধরনের আয়োজন করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

এর আগে বাংলা অ্যাকাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।

এ উপলক্ষ্যে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন আর রশিদ এবং বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এ সময় স্বাগত বক্তব্য দেন বাংলা অ্যাকাডেমির সচিব (উপসচিব) ড. সেলিম রেজা। এ ছাড়া বক্তব্য দেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ), জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘রাজবাড়ীর মানুষ সংস্কৃতিপ্রেমী। শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম নিয়ে চর্চা করতে হবে। একটি ভবন কাউকে বাঁচিয়ে রাখতে পারে না; তার সাহিত্যকর্ম নিয়ে যুগের পর যুগ চর্চা করলেই তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখা সম্ভব।’

তিনি বলেন, ‘১৭৯ বছর পরও আমরা মীর মশাররফ হোসেনকে স্মরণ করছি তার সাহিত্যকর্মের জন্য। তার বিখ্যাত দুইটি সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’ ও ‘জমিদার দর্পণ’ সবাইকে পড়তে হবে এবং সন্তানদেরও পড়তে উদ্বুদ্ধ করতে হবে। সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের নানা সমস্যা চিহ্নিত করে সবাই মিলে সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলতে হবে।’ এ সময় তিনি মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে লোকবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

The post দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা-সংস্কৃতি চাননি: সংস্কৃতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news