LATEST
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল All Blacks v Wales: Live updates from the Nations Championship test in Cardiff প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
Districts News Updates

মেঘনা নদীতে ফেরিতে-বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

মেঘনা নদীতে ফেরিতে-বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন শিশুসহ চারজন আহত হয়েছে। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাস করত। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহত অপর তিন শিশুসহ আরও একজনকে দ্রুত উদ্ধার করে অন্য একটি নৌযানের মাধ্যমে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে ওই ফেরিতে থাকা আলি আজগর বলেন, ‘আমি চাঁদপুর থেকে ডাক্তার দেখিয়ে ফেরিতে আমার বাড়ি সখিপুরে আসছিলাম। ফেরিটি নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি এলে বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের পাশে চাপা পড়ে কয়েকজন শিশু আটকে পড়ে। আমরা দ্রুত তাদের টেনে বের করার চেষ্টা করি, কিন্তু ওই বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায়। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজ শুরু করে। এই ধরনের অবৈধ বাল্কহেড বন্ধ করা দরকার। আজ এই শিশুটি মারা গেল, কাল হয়তো আমার বাচ্চা মারা যেতে পারে। আমি চাই তদন্ত করে ফেরিচালকের কোনো গাফিলতি আছে কি না সেটা দেখা হোক।’

এদিকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চার জনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।’

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ করে এবং এর দুই শ্রমিককে আটক করে। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

The post মেঘনা নদীতে ফেরিতে-বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news