নতুন গল্প ও নির্মাতাদের উৎসাহিত করতে অ্যাসেন ও অ্যাডফার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট সিজন-১। এই উদ্যোগে জুরি প্যানেলে থাকছেন নির্মাতা আদনান আল রাজীব, মেজবাউর রহমান সুমন এবং চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।
‘দিস ইস ইউর শট’— এই ভাবনা থেকেই অ্যাডফা কমিউনিটির নির্মাতাদের নিজেদের গল্প পর্দায় নিয়ে আসার সুযোগ তৈরি করছে এই আয়োজন। নির্বাচিত ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড দেবে অ্যাসেন।
প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে ৫ থেকে ১৫ মিনিটের মৌলিক ফিকশন চলচ্চিত্রের আইডিয়া। ভাষা ও ঘরানায় থাকছে পূর্ণ স্বাধীনতা। গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, সিনেমাটিক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে প্রকল্প নির্বাচন করবেন জুরিরা।
নির্বাচিত নির্মাতারা অর্থায়নের পাশাপাশি পাবেন অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট সাপোর্ট, যাতে তাদের গল্পটি পূর্ণাঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পর্দায় উঠে আসে। এই প্রতিযোগিতায় আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর। নির্বাচিত ৫ প্রকল্পের ঘোষণা ২৫ সেপ্টেম্বর ২০২৬।

