দেশের অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান ঋণের বোঝা এবং তরুণদের হতাশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সতর্ক করেছেন, কাঠামোগত সমস্যার সমাধান না হলে দেশেও ভারতের ‘ককরোচ’ আন্দোলনের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ (১ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাকভি বলেন, সরকার যদি তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও সম্ভাবনার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে তাদের ক্ষোভ বড় ধরনের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে।
তিনি বলেন, আমরা আমাদের তরুণদের তাদের প্রত্যাশা অনুযায়ী সুযোগ দিতে পারছি না। আপনারা তাদের তরুণ বলুন, ককরোচ বলুন কিংবা অন্য যা-ই বলুন এই ‘ককরোচ’গুলো যদি একদিন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে। পাকিস্তান বর্তমানে বিপুল ঋণের চাপে রয়েছে এবং অর্থনৈতিক ব্যবস্থাও গুরুতর সংকটের মুখে।
নিজ দেশের অর্থনৈতিক বাস্তবতাও তুলে ধরেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর নতুন ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে, অথচ স্থায়ী সমাধানের দিকে অগ্রগতি খুবই সীমিত। আমাদের বাজেটের দিকে তাকালেই বোঝা যায়, আমরা কত ঋণ নিচ্ছি। এই সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব। কিন্তু সমাধানের বদলে ঋণের ওপর নির্ভরশীলতা বাড়ছে।
ভারতে নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এর আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, একই ধরনের অসন্তোষ পাকিস্তানের তরুণদের মধ্যেও তৈরি হতে পারে, যদি তাদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়।




