LATEST
ফুটবলকে বিদায় বললেন লুকাকু ২০২৭ সালের হজে বর্ধিত কোটায় নিবন্ধন শুরু! হাতে সময় মাত্র ৭ দিন ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ UK women convicted for having abortions granted automatic pardons পায়ে গভীর ক্ষত, তবুও স্ত্রী হাতির পাশ ছাড়ছে না সঙ্গী বিবাহের কাজী নিয়োগের নতুন বিধিমালা বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মবিরতি চট্টগ্রামে চউকের অভিযান : সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা
Current Affairs

পায়ে গভীর ক্ষত, তবুও স্ত্রী হাতির পাশ ছাড়ছে না সঙ্গী

পায়ে গভীর ক্ষত, তবুও স্ত্রী হাতির পাশ ছাড়ছে না সঙ্গী

পাহাড়ের চেনা পথ ছেড়ে লোকালয়ে নেমে এসেছে দুটি বন্য হাতি। তাদের মধ্যে স্ত্রী হাতিটির পেছনের ডান পা গুরুতর আহত। পায়ের চামড়া উঠে গেছে, ক্ষত নিয়ে ঠিকমতো হাঁটতেও পারছে না। কিন্তু এই দুর্দিনে তাকে এক মুহূর্তের জন্যও একা হতে দিচ্ছে না পুরুষ হাতিটি। কখনো পাশাপাশি হাঁটছে, কখনো থেমে দাঁড়াচ্ছে আহত সঙ্গীর অপেক্ষায়। স্ত্রী হাতিটি চলতে কষ্ট পেলে তার পাশেই অবস্থান করছে পুরুষ হাতিটি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় এলাকায় গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে হাতি দুটিকে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ছয়টার দিকে তারা বাহারছড়া পাহাড় থেকে নেমে আসে লোকালয়ে। এরপর থেকে জাহাজপুরা ইকো-পার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে।

হাতি দুটির এমন দৃশ্য স্থানীয় মানুষের মনে কৌতূহলের পাশাপাশি গভীর মায়ার জন্ম দিয়েছে। বিশেষ করে আহত স্ত্রী হাতিটির প্রতি পুরুষ হাতিটির নিবিড় সঙ্গ স্থানীয়দের আবেগাপ্লুত করছে।

স্থানীয়দের ধারণা, আহত সঙ্গীকে নিয়ে পুরুষ হাতিটি হয়তো চিকিৎসা কিংবা নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে এসেছে। যদিও হাতি দুটির লোকালয়ে নেমে আসার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গেছে। ক্ষতটি বেশ গুরুতর। এ কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না হাতিটি। হাঁটার সময় বারবার থেমে যেতে হচ্ছে। আর পুরো সময়টাতেই তার পাশে থাকছে পুরুষ হাতিটি।

কীভাবে আহত হলো হাতিটি, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ আশঙ্কার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারা বা কীভাবে হাতিটিকে আঘাত করেছে, সেটিও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত স্ত্রী হাতিটিকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি। সঙ্গীটি ধীরে ধীরে এগোলে সেও এগোচ্ছে। আবার স্ত্রী হাতিটি থেমে গেলে পুরুষ হাতিটিকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অসুস্থ সঙ্গীর প্রতি তার এই নিবিড় অবস্থান যেন নীরব এক মায়ার গল্প বলছে।

তবে আবেগের এই দৃশ্যের আড়ালে রয়েছে উদ্বেগও। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসা না পেলে আহত হাতিটির শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। তাই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি বন বিভাগের দল নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, হাতি দুটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন কিংবা আক্রমণের চেষ্টা না করেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বন্য হাতি দুটি এখনো বাহারছড়া এলাকায় রয়েছে। তাদের ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা দুটোই কাজ করছে। বিশেষ করে আহত স্ত্রী হাতিটির পাশে পুরুষ হাতিটির এমন অবস্থান দেখে অনেকেই চাইছেন, দ্রুত তার চিকিৎসা নিশ্চিত হোক।

পাহাড়ে ফিরে যাওয়ার আগে অন্তত সুস্থ হয়ে উঠুক আহত হাতিটি। আর তার এই কঠিন সময়ে পাশে থাকা সঙ্গীটিও ফিরে যাক নিরাপদে। আপাতত বাহারছড়ার মানুষের প্রত্যাশা এটুকুই।

More in Current Affairs

View all

Latest news