পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভিকে স্বাগত জানাতে তার সমর্থকেরা মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে ভাড়ানি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির খানের সমর্থকদের সঙ্গে তাদের দেখা হয়।একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এতে জাহিদুল ইসলাম অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন এবং নাসির খানের পক্ষের একজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি বলেন, তার সমর্থকেরা তাকে অভ্যর্থনা জানাতে আসার পথে নাসির খানের লোকজন তাদের ওপর হামলা চালান। এতে তার ছয়জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। জনসমর্থনের কারণে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, নাসির খান অভিযোগ অস্বীকার করে বলেন, তার সমর্থকদের ওপর অভির লোকজনই হামলা করেছেন। এতে ছাত্রদলের একজন কর্মীসহ তার পক্ষের কয়েকজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The post পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.