নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা নেতা সৌরভ সিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সৌরভ সিকদার সড়কে চাঁদা আদায়ের অভিযোগে সদ্য বহিষ্কৃত মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবীর সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ নিজেকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাগিনা হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া একাধিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম খান বাবু ও সাইফুজ্জামান শিখরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।
সৌরভ জেলা ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের শীর্ষ পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে বক্তব্য দিয়েছিলেন এই ছাত্রলীগ নেতা।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হন মির্জাপুরের সুজন মিয়া। পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
The post বহিষ্কৃত বিএনপি নেতার ছেলে আ.লীগ নেতা সৌরভ গ্রেপ্তার appeared first on ZoomBangla.