ঢাকা,২৬ নভেম্বর-বাংলাদেশ দখল করা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত কেন্দ্রীয় শ্রমিক দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
দেশে ক্রান্তিকাল তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের লোকজনকে দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। তিনি বলেন, ‘যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেইনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়।’
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘বাংলাদেশ দখল করা এত সহজ নয়’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী first appeared on DesheBideshe.