সাইফুল ইসলাম: মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়ের সামনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর রাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এছাড়া, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকাতেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।