LATEST
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফুটসাল ৭ এর শিরোপা রিয়ালের মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি ফরিদগঞ্জে ৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক সখীপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ষষ্ঠ থেকে দ্বাদশের সব ছাত্রী পাবে উপবৃত্তি, টাকা পেতে মানতে হবে যেসব শর্ত এআই দিয়ে পরীক্ষায় নকল ঠেকাতে বিশৃঙ্খলার দায়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে
National

মৃত্যুদণ্ড প্রত্যাহারে দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন

মৃত্যুদণ্ড প্রত্যাহারে দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁদপুরের ফরিদগঞ্জে যুবলীগ নেতা কামরুল হাসান রতন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন সরদারের ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে এই রায় পুনর্বিবেচনা ও মামলাটি অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন সরদারের বোন তাসলিমা বেগম। এ সময় পরিবারের সদস্য শাহাজাহান সর্দার, রিনা বেগম, ফাহিমা বেগম, মহিমা বেগম, ভাগ্নে মো. সাগর, ভাতিজা সাহাবুদ্দিন সর্দার ও প্রতিবেশী রুহুল আমিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মো. শাহাদাত হোসেন সরদার দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। তাঁর স্ত্রী আঞ্জুমা বেগম, শ্যালক কামরুল হাসান রতন ও শ্বশুর আবুল বাসার গং মিলে তাঁর ১১ কোটি ৫২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে থানায় ও আদালতে মামলা হলে সমঝোতা বৈঠক হয় এবং বৈঠকে শ্বশুরবাড়ির লোকজন ৪ কোটি ৭৭ লাখ টাকা দেনার কথা স্বীকার করেন বলে দাবি করা হয়। এই অর্থ নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নিহত হন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন।

লিখিত বক্তব্যে তাসলিমা বেগম দাবি করেন, ওই ছুরি দিয়ে প্রথমে কামরুল হাসান রতনই শাহাদাত হোসেন সরদারকে আঘাত করেছিলেন। আত্মরক্ষার্থে প্রতিরোধ করতে গিয়ে উল্টো ছুরিকাঘাতে রতনের মৃত্যু হয়। তাঁর অভিযোগ, তৎকালীন তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ সঠিকভাবে তদন্ত না করেই আদালতে প্রতিবেদন জমা দেন। তাই সঠিক বিচারের স্বার্থে মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে এই হত্যা মামলায় মৃতের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

তবে পরিবারের এসব দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেন, প্রায় চার বছর ধরে বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ এবং আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা করেই বিজ্ঞ বিচারক এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জ প্রতিনিধি/
২২ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news