LATEST
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফুটসাল ৭ এর শিরোপা রিয়ালের মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি ফরিদগঞ্জে ৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক সখীপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ষষ্ঠ থেকে দ্বাদশের সব ছাত্রী পাবে উপবৃত্তি, টাকা পেতে মানতে হবে যেসব শর্ত এআই দিয়ে পরীক্ষায় নকল ঠেকাতে বিশৃঙ্খলার দায়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে
Top News

মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

বন্ধুর হঠাৎ উপস্থিতি যে তাঁকে আবেগপ্রবণ করে তুলবে, তা হয়তো ভাবেননি সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় চলছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। হঠাৎ প্রতিযোগীদের ক্যাম্পে হাজির হন গত আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। দীর্ঘদিনের বন্ধুকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি। বিস্ময়, আনন্দ আর কান্নায় ভেসে ওঠে তাঁর মুখ। বন্ধুকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত দুজনের জন্যই হয়ে ওঠে অন্য রকম।

সামিরা খান মাহি। অভিনেত্রীর ফেসবুক থেকে

বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’

তানজিয়া জামান মিথিলা ও সামিরা খান মাহি

মাহিকে নিয়ে গর্বের কথাও জানিয়েছেন মিথিলা। ফেসবুকে মাহিকে নিয়ে মিথিলা লিখেছেন, ‘প্রিয় মাহি (মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’

শুধু বন্ধুর সঙ্গে দেখা করতেই নয়, মাহির প্রতি সমর্থন জানাতেও পুয়ের্তো রিকোয় গেছেন মিথিলা। ফেসবুক পোস্টে তিনি সবাইকে মাহির পাশে থাকার এবং পিপলস চয়েস ভোটে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। লিখেছেন, ‘আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে!’

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি

মাহি ও মিথিলার বন্ধুত্বের গল্প অবশ্য নতুন নয়। দুজনের পরিচয় ১৫ বছরের বেশি সময়ের। গতবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মিথিলা। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহির প্রস্তুতিতেও সহযোগিতা করেছেন তিনি। পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে প্রতিযোগিতার নানা বিষয়ে মাহিকে পরামর্শ দিয়েছেন। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে নিজের বড় বোন ও সবচেয়ে বড় সমর্থনদাতা হিসেবে উল্লেখ করেছেন মাহি।

এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার গল্পটিও মাহির জন্য বেশ নাটকীয়। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন।

মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু মাহির। তাঁর প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে জন্ম ও বেড়ে ওঠা। ২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান। পরে র‍্যাম্প, ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। বিরতির পর ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত হন মাহি। ‘গার্লস স্কোয়াড’ সিরিজ তাঁর অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি বাড়ে। মাহির দেওয়া তথ্যমতে, ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

More in Top News

View all

Latest news