এই রকম কথা কিন্তু হয়, অনেকেই বলেন। বলেন যে, হুমায়ূন আহমেদ প্রচুর বাজারি লেখা লিখেছেন। না হলে তিনি কালোত্তীর্ণ হতেন। কাল উত্তীর্ণ হয়ে যায়নি। এই কালেও তিনি প্রাসঙ্গিক আছেন। আরও যে থাকবেন, তা অনুমেয়। আবার অনেকে বলেন, সৈয়দ হক প্রচুর লিখে লিখে স্তুপ করেছেন। অবশ্য যারা বলেন, তারা এইসব বলতে পারেন। যেহেতু বলার স্বাধীনতা সকলেরই আছে। কিন্তু আমি মনে করি, যেহেতু তাঁদের অধিক লেখা আপনি নিতে পারছেন না। আপনি বেছে বেছে কিছু লেখা নিয়ে ভাবতে পারেন, ওইগুলোই উনাদের কাজ। বাকিগুলো উনারা পয়সার জন্য লিখেছেন। যেহেতু একটা সময়ে এসে তাঁরা দু’জনই লেখাকেই পেশা হিসেবে নিয়েছিলেন। আবার অনেকে বলতেন যে, হুমায়ূন আহমেদের দুর্বল লেখার প্রভাবে ভালো লেখকরা পাঠকের কাছে পৌঁছাতে পারছেন না। হুমায়ূন আহমেদই নাকি ভালো পাঠক তৈরি না করে পাঠককে নিজের মধ্যে আটকে রেখেছেন। হুমায়ূন আহমেদ নেই আজ চৌদ্দ বছরের অধিক, যারা হুমায়ূন আহমেদের জন্য জনপ্রিয় লেখক হয়ে উঠতে পারছিলেন না, তারা কি জনপ্রিয় হতে পেরেছেন? ২ হুমায়ূন আহমেদের সঙ্গে আমার পরিচয় ‘অয়োময়’ নাটকের মধ্য দিয়ে। আমি তখন দুই ক্লাসে পড়ি। নাটক দেখতে দেখতে মা বলতেন ‘এইসব দিন রাত্রি’ আর ‘বহুব্রীহি’ নাটকের কথা। মূলত হুমায়ূন আহমেদের টেলিভিশন নাটকগুলোই তাঁকে পৌঁছে দিয়েছিল বৃহত্তর পাঠকের কাছে। এইরূপ মনে হয় আমার। যাইহোক, চার ক্লাসে পড়ার সময়ে প্রথমে আমি হুমায়ূন আহমেদের উপন্যাস পড়ি। বাবা সরকারি কর্মকর্তাদের জন্য আয়োজিত কোন বিতর্ক প্রতিযোগিতায় দুইটা বই পুরস্কার পান। অশনি সংকেত ও আজ জরির বিয়ে। অশনি সংকেত আগে পড়ি। পরে পড়ি হুমায়ূন আহমেদের আজ জরির বিয়ে। আমার কাছে ‘আজ জরির বিয়ে’ ভালো লাগেনি। বছর খানিক পর এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম গৌরীপুরে। সেখানে এক আপুর কাছে পাই ‘পিপলী বেগম’ বইটি। পড়ে কী যে ভালো লাগে! মনে হলো, লোকটা নাটকের চেয়ে বই-ই ভালো লেখে! ৩ বলছিলাম হুমায়ূন আহমেদ রচিত টেলিভিশন নাটক তাঁকে জনপ্রিয় লেখক হয়ে উঠতে ভূমিকা রেখেছিল। যে হুমায়ূন ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ প্রভৃতি টেলিভিশন নাটক দিয়ে দেশ কাঁপিয়ে দিলেন, সেই হুমায়ূনের গল্প বা চিত্রনাট্য কেন সেসময়, অর্থাৎ নব্বইয়ের দশকে সিনেমা বদলে দিতে পারলো না! হুমায়ূন আহমেদ কি সিনেমার জন্য গল্প বা চিত্রনাট্য লিখেননি, বা লেখার চেষ্টা করেননি? হুমায়ূন আহমেদ রচিত নাটকের জনপ্রিয়তা দেখে নির্মাতা সুভাষ দত্ত হুমায়ূন আহমেদের রচনায় একটা সিনেমা বানিয়েছিলেন। সিনেমার নাম ‘আবদার’। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আমি দেখেছিলাম ১৯৯৪ সালে ফুলপুরের ‘উত্তরা’ সিনেমাহলে। তখন পাঁচ ক্লাসে পড়ি। ওই বয়স সিনেমার ভালো-মন্দ বোঝার জন্য যথেষ্ট নয়। তবে সিনেমাটিকে আমার সেইসময়কার আর আর সিনেমার মতোই মনে হয়েছিলো, সংলাপে যদিও হুমায়ূনীয় ঢং ছিল। এর আগে ‘এইসব দিনরাত্রি’ টেলিভিশন নাটকের পরিচালক মুস্তাফিজুর রহমান হুমায়ূনের উপন্যাসের গল্পে ‘শঙ্খনীল কারাগার’ বানিয়েছিলেন। এবং এরপরে হুমায়ূন আহমেদ নিজেই বানালেন ‘আগুনের পরশমণি’। এই সিনেমা দু’টি আলোচিত হলেও, সিনেমাহলে দর্শক টানতে পারেনি কিংবা দর্শকরা সিনেমাহলে গিয়ে এইরূপ সিনেমা দেখেনি। আমি ভাবছিলাম, যে মধ্যবিত্ত দর্শক হুমায়ূনের নাটক দেখতে ভিড় করেছে, সেই দর্শক কেন সিনেমাহলে গিয়ে সিনেমা দেখতে চায়নি। ৪ সিনেমাহলে একজন দর্শক যখন সিনেমা দেখে, তখন সে ভিড়ের মধ্যেও একা হয়ে যায়। সিনেমাহলের অন্ধকার তাকে, সঙ্গে কেউ থাকলেও, আদতে একা করে দেয়। আর হুমায়ূন আহমেদ অনেকগুলো ভাইবোন নিয়ে বড় পরিবারে বেড়ে ওঠা এবং পরিবারের দারুণ গল্প বলা এক মানুষ। যে গল্পগুলো পরিবারের ড্রয়িংরুমে রাখা টেলিভিশনে পরিবারসহ দেখে আনন্দে আপ্লুত হয়েছে দর্শক। ফলত সিনেমাহলের অন্ধকারে একা একা দেখে সেই আনন্দ হয়তো পায়নি। হয়তো এমনটা নাও হতে পারে। এমনটা আমিই শুধু ভেবেছি। কিংবা বাংলাদেশের চলচ্চিত্রের দর্শক, বিশেষ করে নব্বই দশকে, বছরের পর বছর একই গল্পের সিনেমা দেখে দেখে অন্ধ হয়ে গেছে। তারপর তারা আর ওই গল্পের ভেতর থেকে বের হতে চায়নি। যে গল্প ছিল ধনীর মেয়ে আর গরীবের ছেলের প্রেম। মেয়ের বাবা কিংবা কোন এক মামা কিংবা অন্য কেউ সম্পত্তির লোভে নানা জালে আটকে ফেলে নায়ককে। ভিলেন শেষ দৃশ্যে নায়িকাকে নাচায় এবং নায়িকাকে অবধারিতভাবেই ভিলেনকে বলতে হয়, ছেড়ে দে শয়তান! আর নায়ক হয়তো দেয়াল ভেঙে ঢুকে পড়ে বন্দীশালায়। তারপর মারপিট। এবং শেষে পুলিশ এসে সিনেমা শেষ করে দেয়। ফলত, নব্বই দশকে হুমায়ূন আহমেদের গল্পে তৈরি সিনেমাগুলো মূলত ব্যর্থ হয়। ৫ হুমায়ূন আহমেদের প্রথম সফল সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। সিনেমাটি দেখেছি আমি ২০০০ সালের শেষ দিকে। ময়মনসিংহের সেনা অডিটরিয়ামে। তখন সবে একাদশে ভর্তি হয়েছি। ক্লাসের দশ-বারোজনকে কলেজের বাংলার শিক্ষক আতিকুল আলম (প্রয়াত) গিয়েছিলেন ‘শ্রাবণ মেঘের দিন’ দেখতে। দশ-বারোজনের একজন ছিলাম আমি। সিনেমার চেয়ে মুগ্ধ করেছিল, একজন শিক্ষকের পাশে বসে সিনেমা দেখছি এই বিষয়টি। সিনেমাতেও মুগ্ধ হয়েছিলাম। সিনেমার গান, পর্দায় রঙ, চঞ্চলা শাওন আর ক্যামেরার নান্দনিকতায় ‘শ্রাবণ মেঘের দিন’ দর্শকদের সিনেমা হলে টেনেছিল। ওই সময়টাতেই শুরু হয়ে গিয়েছিল বাংলা সিনেমার অশ্লীলতার যুগ, আর গ্রামে গঞ্জেও পৌঁছে গিয়েছিল স্যাটেলাইট টেলিভিশন। সাধারণ মধ্যবিত্ত দর্শক তখন হলবিমুখ। হুমায়ূন তাদের ফিরিয়ে এনেছিলেন সিনেমাহলের অন্ধকারে, সফলভাবেই। ৬ এরপর হুমায়ূন নির্মাণ করলেন দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল এবং ঘেটু পুত্র কমলা। তাঁর উপন্যাস ও গল্প থেকেও সিনেমা হয়েছে অনেক। আমি সেইসবের কথা এইখানে বলতে চাই না, যেহেতু নব্বই দশকের পরে। শুধু নব্বইদশকের মাঝেই সীমা টানতে চাই এই লেখায়। ফলত ওই দশকে হুমায়ূন নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ আমার প্রিয়তম সিনেমার তালিকায় রেখেছি। এবং বলতে চাই হুমায়ূন আহমেদ, আমরা যারা নব্বই দশকে শৈশব-কৈশোরের পথ পাড়ি দিচ্ছিলাম, তাদের মনন তৈরি করেছেন তিনি। তাঁর কাছ থেকেই শিখেছি রবিনাথ, জীবনানন্দ। দেখতে শিখেছি জোছনার রূপ আর বৃষ্টির ছন্দ। আমরা কেউ কেউ হতে চেয়েছি তার মিসির আলী, কেউ বা হিমু হয়ে খুঁজেছি রূপার মুখ। তিনিই আমাদের বুকের গোপনে গেঁথে দিয়েছিলেন সরল সুন্দর নিস্প্রভ বোধের অসুখ।
রূপালি পর্দায় হুমায়ূনের নব্বই দশক
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%82%e0%a6%a8%e0%a7%87/