দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ইন-আউট করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয় উঠে আসে। বৈঠকের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাকে। এ বিষয় নানা আলোচনার জন্ম দেয়।
সূত্র বলছে, মঙ্গলবার পুলিশের বৈঠকে সীমান্ত পার হয়ে এপারে এসে রনজিতের সভা করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নির্দেশনা দেন আইজিপি।
বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, রনজিতের সভায় সশরীরের উপস্থিত ছিলেন, এমন একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার বিষয়টি মঙ্গলবারের বৈঠকে উঠে আসে।
সীমান্তবর্তী জেলা ছাড়াও গত তিনদিন যেসব জেলায় বেশি নাশকতা হয়েছে, সেসব জেলার এসপিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রামসহ বেশ কিছু জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
এরই মধ্যে অনেক জেলায় অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। যেসব এলাকায় হামলা, আগুন, ভাঙচুর ও নাশকতা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়েছে।
বৈঠকে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে। তবে সীমান্তকেন্দ্রিক যে কোনো অপরাধের তদন্ত পুলিশ করতে পারে। সীমান্তকেন্দ্রিক অপরাধ ঘটলে অনেক সময় তার জন্য পুলিশকে জবাবদিহি করতে হয়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পদ্মা সেতু এলাকায় মিছিল হতে পারে, এমন গোয়েন্দা প্রতিবেদন ছিল। তবে কখন হবে, সংখ্যায় কত থাকতে পারে- এটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কোনো এলাকায় যেন লোকজন জড়ো হয়ে বড় নাশকতা ঘটাতে না পারে, সে ব্যাপারে আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র বলছে, সারা দেশে বিশেষ যে অভিযান চলমান আছে, সেটি জোরদার থাকবে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করা হবে। জামিন পেয়ে কেউ নাশকতায় জড়াচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়ার পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় নাশকতা-হামলায় জড়াচ্ছেন কিনা, সেদিকে কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। এছাড়া প্রকৃত অপরাধীদের গ্রেফতারে জোর দিতে বলা হয়েছে।
গ্রেফতারের নামে যেন নিরপরাধ বা গণগ্রেফতারের মতো পরিস্থিতি না ঘটে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ আসে।
বৈঠকে একজন কর্মকর্তা বলেছেন, নিরপরাধ কেউ গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে বেরিয়ে আসার পর তার মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তখন সে নতুনভাবে বেআইনি কর্মকাণ্ডে জড়াতে পারেন। তাই নিরপরাধ কাউকে গ্রেফতার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেফতার না করার জন্য পুলিশ সুপারদের বলা হয়েছে।
সূত্র বলছে, অনেক ঘটনায় অভিযানে যাওয়া সব পুলিশ সদস্য সমানভাবে সক্রিয় থাকেন না। নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের কাউন্সেলিং করিয়ে সক্রিয় করার কথা বলা হয়েছে। এর পরও কেউ নিষ্ক্রিয় থাকলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। বৈঠকে বলা হয়েছে, মাঠে কোনো পুলিশ সদস্যকে গা বাঁচিয়ে চলা যাবে না।
অন্য আরেকটি সূত্র বলছে, সম্প্রতি যানবাহনে অগ্নিকাণ্ডের নতুন একটি ধরনের বিষয়টি বৈঠকে আলোচনায় এসেছে। ট্যাবলেটের মতো গুঁড়াজাতীয় কিছু গাড়িতে যাত্রী সেজে পায়ের কাছে ফেলা হয়। এরপর পা দিয়ে তা কিছু সময় ঘষার পর স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরে যায়। এছাড়া ইন্স্যুরেন্সের অর্থ পেতে কেউ কৌশলে আগুন ধরাচ্ছেন কি-না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নাশকতায় জড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। কেউ কেউ প্রকাশ্যে বিদেশে বসে উস্কানি দিচ্ছেন। নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের কিছু ব্যক্তির নাম উঠে এসেছে।
The post সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ appeared first on ZoomBangla.