সড়কে স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা না করার নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। এর আগে গত ৯ সেপ্টেম্বর স্লিপার বাস চলাচল নিয়ে এক আদেশে হাইকোর্ট জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি রয়েছে, এমন বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। সেদিন আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি আদালতকে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা নির্ধারিত স্পেসিফিকেশন লঙ্ঘনের বিষয়ে বিধান রয়েছে। এ ধরনের অপরাধের শাস্তি ৮৪ ধারায় নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে। বিআরটিএর আইনজীবী আদালতকে বলেন, স্লিপার বাস চলাচলের জন্য সংস্থাটির অনুমতি নেই। তাই অনুমোদন ছাড়া এসব বাস সড়কে চলাচল করতে পারবে না।
স্লিপার বাস চলাচলে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae/