LATEST
The business of culture, Bible Lane and bringing forgotten spaces back to life রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার পিরোজপুরের মঠবাড়িয়া আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’ সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন সংবাদপাঠিকা থেকে ঢালিউডের শীর্ষ নায়িকা নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম! নেপথ্যে কী ছিল?
Top News

হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ

হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ

তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা ও বাহারছড়া বনসংলগ্ন এলাকায় আহত পা নিয়ে ঘুরে বেড়ানো একটি হাতিকে খুঁজে বের করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। বন বিভাগ বলছে, হাতিটির গায়ে আটটি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়া দুটি গুলি বের করা যায়নি।

যে বনে হাতিটিকে পাওয়া গেছে, সেখানে টেকনাফের মানব পাচারকারী ও রোহিঙ্গা অস্ত্রধারীদের আস্তানা রয়েছে। বন বিভাগ বলছে, টেকনাফ হাতির গুরুত্বপূর্ণ আবাসস্থল। আস্তানার আশপাশে চলে আসায় হাতিটিকে গুলি করা হয়েছে। টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাঁরা অপহরণের শিকার হয়েছেন, তাঁরাও ডাকাতদের হাতে হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন।

গত মঙ্গলবার টেকনাফের লোকালয় থেকে চার কিলোমিটার গহিনে শিলখালীর সংরক্ষিত বনে হাতিটির অবস্থান খুঁজে পায় বন বিভাগ। সন্ধ্যা হয়ে যাওয়ায় তখন হাতিটিকে চিকিৎসা দেওয়া যায়নি। বুধবার দুপুর ১২টার দিকে বন বিভাগের ভেটেরিনারি সার্জনসহ ২০ জনের একটি দল হাতিটিকে চিকিৎসা দেওয়া শুরু করে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টেকনাফের গহিন বনে নানা ধরনের সন্ত্রাসীর আস্তানা আছে। আমাদের ধারণা, এরাই হাতিটিকে গুলি করেছে।’

তারিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার আমরা হাতিটির অবস্থান যখন শনাক্ত করি, তখন এটি ছিল পাহাড়ের ওপর। ওই অবস্থায় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে হাতিটিকে অচেতন করলে সেটি পাহাড় থেকে পড়ে যেত। সে জন্য আমরা অপেক্ষা করেছি।’ পরে বুধবার ভোর থেকে হাতিটির সন্ধান চালিয়ে দুপুর ১২টার দিকে সমতলে পাওয়া যায়। এরপর সেটিকে অচেতন করে ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়।

দুটি গুলি পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়ায় সেগুলো বের করা যায়নি বলে জানান এই বন কর্মকর্তা। বৃহস্পতিবারও হাতিটিকে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছে বন বিভাগ।

হাতিটিকে চিকিৎসা দিয়েছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, হাতির পায়ে ও পিঠে গুলি লেগেছে। পায়ের ক্ষত দেখে মনে হয়েছে, রাইফেল-জাতীয় অস্ত্র থেকে এই গুলি করা হয়েছে। পায়ের গুলি মাংসপেশি ভেদ করে হাড়ের জয়েন্টের ভেতরে ঢুকে গেছে; যে কারণে সেগুলো বের করা যায়নি।

মোস্তাফিজুর রহমান বলেন, পিঠের গুলি দেখে মনে হয়েছে, সেগুলো ছররা গুলি। হাতিটির ক্ষতস্থানে ভালোভাবে ড্রেসিং করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে। তবে যেহেতু দুটি গুলি পায়ে রয়ে গেছে, সে জন্য নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।

২০২২ সালে স্থানীয় আটজনকে অপহরণ করে টেকনাফের গহিন বনে নিয়ে যায় একটি সশস্ত্র দল। তাঁদের একজন টেকনাফের শিলখালীর করিম উল্লাহ। করিম উল্লাহর বরাত দিয়ে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ওই সময় ডাকাত দল যখন তাদের অপহরণ করে গহিন বনের আস্তানায় বন্দী করে রাখে, তখন প্রায়ই হাতির আনাগোনা দেখেছেন তাঁরা। চার দিন ধরে বন্দী থাকা অবস্থায় প্রায়ই হাতির দলকে গুলি করতে দেখেছিলেন করিম উল্লাহ।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন ২০১৬ সালে বাংলাদেশে হাতির সংখ্যা নিয়ে সর্বশেষ জরিপ চালায়। এতে হাতির সংখ্যা পাওয়া যায় ২৬৮টি। বেশির ভাগ হাতির আবাস কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে। এই জরিপের পর দেশে হাতিকে ‘ক্রিটিক্যালি এনডেনজারড’ বা মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে আইইউসিএন।

বন অধিদপ্তরের তথ্যমতে, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে কক্সবাজারে গুলিতে মারা গেছে নয়টি হাতি। তবে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা ১৮। কক্সবাজারের খুঁটাখালীতেই ঘটেছে ছয়টির বেশি গুলির ঘটনা। বন বিভাগের নথিতে হাতির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কম নথিভুক্ত হলেও মাঠপর্যায়ে বন কর্মকর্তা ও হাতির ময়নাতদন্তের সঙ্গে যুক্ত সার্জনরা দিয়েছেন ভিন্ন চিত্র। তাঁরা বলছেন, কক্সবাজারে যত হাতি হত্যা করা হয়, ময়নাতদন্তের সময় কমপক্ষে ৭০ শতাংশ হাতিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। একজন ভেটেরিনারি সার্জন কক্সবাজারে ২০টি হাতির ময়নাতদন্তে গুলি বের করার কথা জানিয়েছেন।

More in Top News

View all

Latest news