মাত্র ২০ বছর বয়স। এরই মধ্যে মাসে আয় করছেন ৩ থেকে ১০ লাখ রুপি। নিজের উপার্জনে মায়ের চাকরি ছাড়ানোর পাশাপাশি পরিবারের ভ্রমণের স্বপ্নও পূরণ করেছেন। কিনেছেন গাড়ি, থাকছেন বেঙ্গালুরুর তিন শোবার ঘরের ফ্ল্যাটে। শুধু তা-ই নয়, নিজের দাবি অনুযায়ী, আগামী ১০ বছর চলার মতো অর্থও জমিয়েছেন। ভারতের মালয়ালম রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম ৭’-এর সাবেক প্রতিযোগী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রেনা ফাতিমার গল্পটি এমনই।
সম্প্রতি নিজের আর্থিক সাফল্যের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রেনা। সেখানে তিনি বলেন, মাত্র ১৫ বছর বয়স থেকেই নিজের উপার্জন শুরু করেন। এর পর থেকে আর কখনো আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভর করতে হয়নি তাঁকে। বর্তমানে তাঁর মাসিক আয় সর্বনিম্ন ৩ লাখ রুপি, কোনো কোনো মাসে তা ১০ লাখ রুপিতেও পৌঁছায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৯০ হাজার থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা। উপার্জিত অর্থের যথাযথ করও দেন বলে জানিয়েছেন তিনি।
রেনার ভাষ্য, গত বছর তাঁর বয়স যখন ১৯, তখনই মাকে করপোরেট চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ, তত দিনে নিজের উপার্জনে পরিবারের দায়িত্ব নেওয়ার মতো আর্থিক সক্ষমতা তৈরি হয়েছে তাঁর। মায়ের স্বপ্ন পূরণের জন্য তাঁকে নিয়ে গেছেন থাইল্যান্ড ও মালয়েশিয়ায়। পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরেছেন ভারতের মানালি ও জয়পুরেও।
নিজের উপার্জনে গাড়ি কেনার অভিজ্ঞতাও জানিয়েছেন রেনা। গত বছর একটি পুরোনো হুন্দাই ক্রেটা কিনেছিলেন। গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার পর কিনেছেন নতুন টয়োটা হাইরাইডার। তাঁর মতে, ২০ বছর বয়সের মধ্যেই অনেক কিছু অর্জন করেছেন। এমনকি আগামী ১০ বছর চলার মতো সঞ্চয়ও রয়েছে। তবে এত কিছুর পরও সামনে আরও অনেক পথ পাড়ি দিতে চান তিনি।
অষ্টম শ্রেণিতে প্রথম ভাইরাল ভিডিও
কেরালার কোঝিকোড়ের মেয়ে রেনার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠার গল্পটা শুরু স্কুলজীবনে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রথম একটি রিঅ্যাকশন ভিডিও তৈরি করেন তিনি। ভিডিওটি অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে যায়। এরপর নিয়মিত ভিডিও বানাতে শুরু করেন। পরিবারের সমর্থনও পেয়েছেন শুরু থেকেই।
প্রথম দিকে সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্নবিষয়ক ভিডিও তৈরি করতেন। পরে তাঁর কনটেন্টের পরিধি বাড়ে। মেকআপ, ফ্যাশন, জীবনযাপন, ভ্রমণ, অনুপ্রেরণামূলক আলোচনা থেকে শুরু করে তরুণদের জন্য আর্থিক সচেতনতাবিষয়ক ভিডিও–ও তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। নিজের পোশাকের ব্যবসাও রয়েছে। ‘রেনজারি’ নামে অনলাইন পোশাকের উদ্যোগের সঙ্গে যুক্ত তিনি।

টাইমস অব ইন্ডিয়ার ২০২৫ সালের একটি পরিচিতিমূলক প্রতিবেদনে বলা হয়েছিল, রেনা তখন এভিয়েশন বিষয়ে বিবিএ পড়ছিলেন। পড়াশোনার পাশাপাশি কাজ করেছেন, কনটেন্ট তৈরি করেছেন ও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও নয়, অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। মালয়ালম চলচ্চিত্র ‘কোচাউভা পাওলো আইয়াপ্পা কোয়েলহো’ এবং ‘ই’তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। টেলিভিশন ধারাবাহিক ‘অনিয়াথিপ্রাভু’তেও দেখা গেছে তাঁকে।
১৯ বছরেই বিগ বসের ঘরে
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পর ২০২৫ সালে রেনার জীবনে আসে নতুন অধ্যায়। মোহনলাল সঞ্চালিত ‘বিগ বস মালয়ালম ৭’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে অনুষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন। তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত আচরণ শুরুতেই দর্শকদের নজর কাড়ে।
তবে রিয়েলিটি শোতে খুব বেশি দূর এগোতে পারেননি রেনা। প্রতিযোগিতার ৫০ দিন পর তাঁর যাত্রা শেষ হয়। কিন্তু অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি কমেনি। বরং নিজের কাজ, ব্যক্তিগত জীবন ও আর্থিক সাফল্য নিয়ে নিয়মিত আলোচনায় থেকেছেন।
প্রেম, নতুন শহরে সংসার
রেনার ব্যক্তিগত জীবনও তাঁর অনুসারীদের আগ্রহের বিষয়। একাদশ শ্রেণিতে পড়ার সময় আলিব ফজলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দুজনই নিজেদের সম্পর্কের কথা পরিবারের সদস্যদের জানান। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাও চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী
সম্প্রতি বেঙ্গালুরুতে চলে গেছেন রেনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ছয় মাস আগে শহরটিতে গিয়ে তিন শোবার ঘরের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেখানে বাগ্দত্তা আলিব ফজলের সঙ্গে থাকছেন। তাঁদের দুটি পোষা প্রাণীও রয়েছে। আলিবও রেনার সঙ্গে বিভিন্ন ইউটিউব ভিডিও ও ভ্লগে অংশ নেন। তাঁদের যুগল ভ্রমণের ভিডিও–ও অনুসারীদের মধ্যে বেশ পরিচিত।
সাফল্যের পাশাপাশি বিতর্কও
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যের কারণে সমালোচনার মুখেও পড়েছেন রেনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তাঁর একটি রিলের মন্তব্যের জবাব দিতে গিয়ে এক নারীর মেয়ের ছবি ব্যবহার করে তাঁকে বিদ্রূপ করেছিলেন রেনা। বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনেকে তাঁর আচরণকে বর্ণবাদী বলে সমালোচনা করেন। বিশেষ করে এক শিশুর ছবি এভাবে ব্যবহার করার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।

পরে নিজের আচরণের জন্য ক্ষমা চান রেনা। নিজের কথা ও কাজের সম্পূর্ণ দায় নিচ্ছেন বলেও জানান। তবে এরপর তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য অনেকে সমন্বিতভাবে রিপোর্ট করছেন এবং হুমকিও দেওয়া হচ্ছে।
এভাবেই রেনা হয়ে উঠেছেন ভারতের বিনোদনজগতের সাম্প্রতিক সময়ের অন্যতম চর্চিত মুখ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে