কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে এখনো উত্তাল গোপালগঞ্জ জেলা। গত মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে আগুনের পর এবার গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের মালিকানাধীন ক্লিনিক ও কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এই আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা, সংসদ সদস্যের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এখনো পুরো জেলায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সহিংসতার রেশ এখনো কাটেনি। টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে পোড়া যানবাহন পড়ে রয়েছে। এমন অবস্থার মধ্যেই বুধবার ফের আগুন, বিক্ষোভ, সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল জেলার বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর, সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ, এমনকি থানার পরিদর্শককে কুপিয়ে জখমের মতো ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জের সহিংসতার উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায়। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত গোপালগঞ্জসহ মোট ২২ জেলার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার খবর পাওয়া গেছে। এসব হামলা-আগুনে বিএনপি নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জ ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, পিরোজপুর, নড়াইল, চাঁদপুর, বাগেরহাট, নেত্রকোনা, নাটোর, বরগুনা, মেহেরপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর ও কুমিল্লার একাধিক উপজেলায় সহিংসতার ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন: গতকাল রাতে গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিক আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় বাবরের ব্যক্তিগত কার্যালয় ও মালিকানাধীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুরের পর আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নিজেরা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার কয়েকজন নেতাকর্মী আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালান। এ সময় ক্লিনিকের নিচতলায় অবস্থিত এমপির ব্যক্তিগত কার্যালয় থেকে আসবাব ও অন্যান্য মালপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত বের হয়ে যান।
এদিকে কাশিয়ানীতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা চত্বর, থানা মাঠ, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন সড়ক ঘুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ উপলক্ষে বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় কাশিয়ানী থানার আবু আলম নামে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মিছিলকারীরা। তিনি বরগুনা জেলা থেকে কাশিয়ানীতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে এসেছিলেন।
এ ছাড়া উপজেলার আওতাধীন মহাসড়ক অবরোধসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভকারীরা বিএনপি অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল ও আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর এবং দলীয় ব্যানার ও সাইনবোর্ড ছিঁড়ে ফেলে।
এ ছাড়া উপজেলাধীন ঘোনাপাড়া গ্রামীণ ব্যাংক, বিএনপির ইউনিয়ন কার্যালয়, সাজাইল গ্রামীণ ব্যাংক, সাজাইলে অবস্থিত কাশিয়ানী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ও আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।
মুকসুদপুরের উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল এবং বহুবগ্রামে দলীয় কার্যালয় খোলার খবর পাওয়া গেছে।
বিকেল ৪টার দিকে মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করে। বিকেল সাড়ে ৪টার দিকে ভাবরাশুর ইউনিয়নে যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে।
এ ছাড়া গোবিন্দপুর ইউনিয়নের কালিদারপাড়, বহুবগ্রাম ইউনিয়ন এবং খান্দারপাড়া ইউনিয়নের খান্দারপাড়া বাজারে মিছিলের খবর পাওয়া গেছে। একই সময়ে বহুবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনাও জানা গেছে।
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উল্লাস প্রকাশ করে।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি খুলে ভেতরে প্রবেশ করেন।
পরে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে কলেজের বাইরের অংশের দেয়ালে ব্যানার টাঙানো হয়। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে পূর্বের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছে। তবে তারা কোনো ভাঙচুর করেনি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।
জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে বুধবার সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রবেশপথে আনসার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এদিকে টুঙ্গিপাড়ায় বিএনপির পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার সকালে তারা আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন।
তারা হলেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির ও পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।
রাতে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশদ্বারগুলো অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ: নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের পথে চলাচলকারী দূরপাল্লার বাস আপাতত বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
নড়াইলে আওয়ামী লীগের হামলায় দুজন নিহত: নড়াইলের কালিয়ায় আওয়ামী লগের হামলায় উপজেলা কৃষক দলের নেতা মো. শাহীন ও জাসাস নেতা সোহেল শেখ নিহত হয়েছেন। বুধবার পৌরসভার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় অনেক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত হয়েছেন অনেকে।
শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা তিন থেকে চার শতাধিক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়। পথে তাদের মৃত্যু হয়।
মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর: রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ওই কার্যালয়ে এ হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বলছেন, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায়। ঘটনাস্থলের দুটি ভিডিওতে ভবনের সামনের কাচ এবং লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশ ভাঙা দেখা যায়।
কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলেও কাচের দরজার কারণে প্রবেশ করতে পারেনি। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়।
ডিএনসিসি প্রশাসক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে মিল্টন ও সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। সেখান থেকে দুয়েকটা ইট-পাটকেল মারতে পারে।
শাহজাহানপুর-শ্যামপুর ও সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে ককটেল বিস্ফোরণ: রাজধানীর শাহজাহানপুর ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহজাহানপুরে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে নাসিমা বেগম নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার-সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।
অন্যদিকে, দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ ছাড়া রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া গতকাল রাতে রাজধানীর মতিঝিলে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
ট্রাস্ট পরিবহনের বাসে আগুন: রাজধানীর পল্লবী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হচ্ছে বলে মনে করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ঢাকার ডিবিপ্রধান। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ মাসে দুটি লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।’
ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত: পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ýনিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুরে।
ýস্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ নামে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে পুড়েছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত দেড়টার দিকে শাখারিকাঠী এলাকায় ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এদিকে আড়াইটার দিকে কবিরাজবাড়ির চারটি দোকানে আগুন দেওয়া হয়।
ýরূপগঞ্জে এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে ২ বাসে আগুন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য (এমপি) মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির সংলগ্ন গোলাকান্দাইল এলাকায় মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি বহিষ্কার: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইলে ভিডিও করার সময় আবু ইউসুফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন: চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
খুলনায় আদালত ও সার্কিট হাউস এলাকায় বিস্ফোরণ: খুলনায় জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় আধাঘণ্টা পর সার্কিট হাউসের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়। পুলিশ বলছে, সেটি ককটেল বিস্ফোরণ নয়, চকলেটবাজির শব্দ। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা জজ আদালত ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সার্কিট হাউস এলাকায় বিকট শব্দ হয়।
বাঁশখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন: ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে আমিনুর রহমান চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন: চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ: বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের একটি স্প্লিন্টার ঘরের ভেতরেও প্রবেশ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ককটেল নিক্ষেপ করে এক যুবকের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশালে গ্রামীণ ব্যাংক, বাস ও বিএম কলেজের সামনে আগুন: বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি বিএম কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ছাড়া বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন: রংপুর নগরীর পর্যটন মোড় এলাকায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। বুধবার ভোরে লুমিনাস কোচিং সেন্টারের সামনে রাখা প্রতিষ্ঠানের মিনি বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশের ধারণা, ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে।
বারহাট্টায় বিএনপির কার্যালয়ে আগুন: নেত্রকোনার বারহাট্টায় বিএনপির মিছিল ও আলোচনা সভা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির একটি ইউনিয়ন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৫ নম্বর চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আগুন লাগে। অফিসটি চিরাম ইউনিয়নের বামনগাঁও এলাকায় অবস্থিত।
নেত্রকোনায় রেলস্টেশনে আগুন: নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় দুষ্কৃতকারীরা স্টেশনে আগুন দিয়ে সেটির ভিডিও ধারণ করে।
নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে গত রোববার রাতে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর: বরগুনার আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই সড়কে তিনটি ককটেল বিস্ফোরণসহ একটি বাস ভাঙচুর করেন তারা।
বুধবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজার-সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পরপরই জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার: মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।
মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৭টার মধ্যে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া ও বলতলা ব্রিজ এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
গলাচিপায় তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ: পটুয়াখালীর গলাচিপায় একই রাতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া দুটি বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা পাওয়া গেছে। মঙ্গলবার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে বিএনপি অফিসে ছাত্রলীগের ব্যানার: সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ের ১৯ নভেম্বরের লকডাউনের সমর্থনে ব্যানার টানিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দিনভর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি ও ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে আগুন: টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বাসাইল এম মিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ: রাজশাহী নগরীতে গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। এতে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন: দিনাজপুরের পার্বতীপুর গ্রামীণ ব্যাংক ভবের বাজার শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা তরল জাতীয়দ্রাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে দ্বিতল ব্যাংক ভবনটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভবেবাজার এলাকার রোস্তমনগরে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের সময় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান পরিবার নিয়ে ব্যাংক ভবনের দোতলায় ও নৈশপ্রহরী নিচতলায় ঘুমাচ্ছিলেন।
চৌদ্দগ্রামে গাছ কেটে মহাসড়কে নাশকতার চেষ্টা: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে তিনটি গাছ কেটে মহাসড়কে ফেলে নাশকতার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার রাতের কোনো একসময় গাছগুলো কাটা হয়।
শ্রীপুরে ছাত্রলীগের সাবেক সভাপতির নেতৃত্বে মশাল মিছিল: গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলার শ্রীপুর-কাপাসিয়া সড়কে এই মশাল মিছিল হয়।
ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ঘটনায় মামলা হয়নি: আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহতের ঘটনায় বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ পায়নি ভাঙ্গা থানা পুলিশ।
কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ: কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। চালকের তাৎক্ষণিক দক্ষতায় বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
এদিকে দেশজুড়ে সহিংসতার জবাবে আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীসহ দলের নেতাদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন: চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এর ফলে ওই ভবনের ওপরের ও নিচে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই আগুন লাগার কারণে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে দীপু মনির ওই বাসায় ২০২৪ সালের ৫ আগস্ট আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন: নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লকডাউন ইস্যুকে কেন্দ্র করে বুধবার রাতে ছাত্রদলের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ছাত্রদলের নেতাকর্মীরা শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে হামলা ও আগুন দেন। অগ্নিসংযোগের সময় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।
সাবেক মন্ত্রী শ ম রেজাউলের বাড়িতে আগুন: পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন: একই দিন বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার শহরের এসএস রোডের বাসভবনেও আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যায় একই সড়কে সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুমিল্লায় সাবেক এমপি বাহারের অফিসে আগুন: কুমিল্লায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর ও আগুন: রাজধানীর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির কেয়ারটেকারের কক্ষও।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন ব্যক্তির একটি দল বাসায় ভাঙচুর চালায়। তারা চেয়ার, সাইকেল, মোটরসাইকেল এবং জানালার কাচ ভাঙচুর করে। এরপর একটি সোফায় আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় থাকবে না’ বলে স্লোগান দিচ্ছিল।
পুলিশ জানায়, এ ছাড়া স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসায়ও ভাঙচুর করা হয়।
কাফরুল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পরতনের পর থেকে সাচ্চু আত্মগোপনে আছেন।
মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় ছাত্রদলের হামলা-আগুন: রাজধানীর মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাত ৯টার দিকে মিরপুর-৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের ৪০-৫০ জনের একটি দল বাসায় ঢুকে নিখিলের কার্যালয়ের কাচ, আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা যুবলীগবিরোধী স্লোগান দেন। প্রায় আধাঘণ্টা পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
২০২৪ সালের ৫ আগস্টের আগে নিখিল ওই বাসায় থাকতেন। অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে আগুন: পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ২০২৪ সালের আগস্টের পর থেকে এই বাসভবনে তার পরিবারের কেউই থাকেন না।
The post ২২ জেলায় হামলা-আগুন-সহিংসতা বিএনপির ২ নেতাসহ নিহত ৩ appeared first on ZoomBangla.