LATEST
সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তায় আবুল কাসেম ফজলুল হকের অবদান নিয়ে আলোচনা সভা ৪৪ বছর আগের বাংলা গান নিয়ে বিশ্বজুড়ে কেন এতো আলোচনা? ‘Stuff you, Michael Laws’: Nicola Willis on that election-night ‘freedom dress’ প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা বাস-ট্রেন-মোটরসাইকেলের সংঘর্ষে একদিনে ঝরল ৮ প্রাণ মাত্র ২৬ রানে অলআউট নেপাল! ৩০৬ রানের পাহাড়সম জয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা
Showbiz

৪৪ বছর আগের বাংলা গান নিয়ে বিশ্বজুড়ে কেন এতো আলোচনা?

৪৪ বছর আগের বাংলা গান নিয়ে বিশ্বজুড়ে কেন এতো আলোচনা?

একসময় শ্রোতাদের কাছে পৌঁছাতে পারেনি গানটি। প্রকাশের পর বাণিজ্যিক সাফল্যও পায়নি অ্যালবাম। অথচ চার দশকের বেশি সময় পর সেই গানই ঘুরছে বিশ্বের বিভিন্ন দেশের ডিজেদের পরিবেশনায়, জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের প্রচারণায়। এবার গানটি শোনা যাবে বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ-৬’-এ। গানটির নাম ‘আজ শনিবার’। শিল্পী কলকাতার রূপা বিশ্বাস। ১৯৮২ সালে প্রকাশিত বাংলা গানটি এবার যুক্ত হয়েছে রকস্টার গেমসের নতুন গেম ‘জিটিএ-৬’-এর আনুষ্ঠানিক সংগীত তালিকায়। গেমের ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ নামের ইন-গেম রেডিও স্টেশনে বাজবে গানটি। খেলোয়াড়েরা গেমের কাল্পনিক মার্কিন অঙ্গরাজ্য লিওনিডার বিভিন্ন জায়গায় গাড়ি চালানোর সময় এই রেডিওতে শুনতে পাবেন রূপার কণ্ঠ। ফলে চার দশক আগের বাংলা গানটি পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তের নতুন শ্রোতার কাছে। ১৩ বছর পর ‘জিটিএ’ সিরিজের নতুন কিস্তি প্রকাশের পর থেকেই গেমটি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। ১৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘জিটিএ-৬’-এ পুরোনো বাংলা গানের উপস্থিতি ভারতীয় ও বাংলা ভাষাভাষী গেমারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে বাংলা গানের এমন সংযুক্তি অনেকের কাছেই অপ্রত্যাশিত। যেভাবে তৈরি হয়েছিল ‘আজ শনিবার’ ‘আজ শনিবার’ গানটি রূপা বিশ্বাসের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এর অংশ। অ্যালবামটির সংগীতায়োজন ও সুর করেছিলেন সরোদশিল্পী আশীষ খান। ডিস্কো, ফাঙ্ক ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মিশেলে তৈরি হয়েছিল এর সংগীত। বাংলা ও হিন্দি ভাষার কথা নিয়ে তৈরি গানটিতে পাশ্চাত্যের ডিস্কো ছন্দের সঙ্গে যুক্ত হয়েছিল ভারতীয় বাদ্যযন্ত্রের ব্যবহার। বিশেষ করে সরোদের সুর গানটিকে দিয়েছিল আলাদা বৈশিষ্ট্য। রূপার সংগীতজীবনের গল্পের শুরু সত্তরের দশকে। ১৯৭৬ সালে মুর্শিদাবাদের বহরমপুর থেকে কলকাতায় আসেন তিনি। ছোটবেলা থেকেই লতা মঙ্গেশকর, মান্না দে, এলভিস প্রিসলি ও বিটলসের গান শুনতেন। সংগীতের প্রতি তার আগ্রহ তৈরিতে মায়েরও বড় ভূমিকা ছিল। মা-ই ছিলেন তার প্রথম সংগীতগুরু। ১৯৮১ সালের দিকে সংগীতে স্নাতকোত্তর শেষ করে ভাইয়ের সঙ্গে দেখা করতে কানাডায় যান রূপা। সেখানে ইউনিভার্সিটি অব ক্যালগারির একটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পান। একে একে ২৭টি গান পরিবেশন করেন তিনি। এর মধ্যে ছিল গীত ও গজল। সেই অনুষ্ঠানের দর্শকদের মধ্যে ছিলেন সরোদশিল্পী আশীষ খান। রূপার ভাইয়ের বন্ধু আশীষ তার গান শুনে মুগ্ধ হন এবং একটি অ্যালবাম করার পরামর্শ দেন। সেই পরামর্শ থেকেই কানাডার ক্যালগারিতে রেকর্ড করা হয় ‘ডিস্কো জ্যাজ’। ১৯৮২ সালে প্রকাশিত অ্যালবামটি সে সময় খুব একটা শ্রোতাপ্রিয়তা পায়নি। বাণিজ্যিকভাবেও সফল হয়নি। ফলে রূপার গান অনেকটা আড়ালেই থেকে যায়। পুরোনো ট্রাঙ্ক থেকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে গানটির নতুন করে পরিচিতি পাওয়ার গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ২০১৪ সালে। কলকাতার বাড়িতে একটি পুরোনো ট্রাঙ্কের ভেতর ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের লালচে-কমলা রঙের প্রচ্ছদ খুঁজে পান রূপার ছেলে দেবায়ন সেন। প্রচ্ছদে তরুণী রূপার ছবি দেখে তিনি বুঝতে পারেন, এটি তার মায়েরই অ্যালবাম। পরে অনলাইনে খোঁজ নিয়ে জানতে পারেন, একসময় অবহেলায় পড়ে থাকা সেই অ্যালবামের মূল ভিনাইল রেকর্ড এখন কয়েক শ ডলারে বিক্রি হচ্ছে। বিষয়টি অবশ্য রূপাকে খুব একটা অবাক করেনি। বরং ছেলেকে রেকর্ডটি ফেলে দিতে বলেছিলেন তিনি। তার কাছে সেটি ছিল পুরোনো একটি অ্যালবাম মাত্র। কিন্তু দেবায়নের কাছে মায়ের নিজের গাওয়া গান এভাবে ফেলে দেওয়ার বিষয়টি ছিল অবিশ্বাস্য। এরপর ইন্টারনেটই বদলে দেয় গানটির ভাগ্য। ২০১৬ সালে ‘সেকেন্ডসিন’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ‘আজ শনিবার’। ২০১৭ ও ২০১৮ সালের শুরুর দিকে গানটির প্রতি শ্রোতাদের আগ্রহ বাড়তে থাকে। আশির দশকের বাংলা ডিস্কো গানের অদ্ভুত সুন্দর সুর, রূপার স্বতন্ত্র কণ্ঠ এবং সরোদের অপ্রত্যাশিত ব্যবহার নতুন প্রজন্মের শ্রোতাদের কৌতূহলী করে তোলে। ইউটিউবের গণ্ডি পেরিয়ে গানটি পৌঁছে যায় আন্তর্জাতিক ডিজেদের কাছেও। সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনেবলস তার পরিবেশনায় গানটি বাজাতে শুরু করেন। কানাডীয় সংগীতশিল্পী ও ডিজে ড্যান স্নেইথ, যিনি ‘ক্যারিবু’ নামে পরিচিত, তার ডিজে সেট ও রেডিও অনুষ্ঠানেও গানটি ব্যবহার করেন। পরে স্নেইথ জানান, গানটি বাজানোর পর অনেকেই তার কাছে এসে এর পরিচয় জানতে চাইতেন। এভাবেই এক দেশের ডিজের পরিবেশনা থেকে অন্য দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যায় ‘আজ শনিবার’। পুরোনো গানটি খুঁজতে শুরু করেন সংগীত সংগ্রাহকেরাও। একসময় যে অ্যালবাম বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল, সেটিই হয়ে ওঠে ভিনাইল সংগ্রাহকদের কাছে আকাঙ্ক্ষিত একটি রেকর্ড। ২০১৭ সালে জার্মান সংগীত লেবেল ‘ওভুলার’ অ্যালবামটির একটি অনানুষ্ঠানিক পুনঃপ্রকাশ করে। পরে ২০১৯ সালে শিকাগোভিত্তিক সংগীত লেবেল ‘নুমেরো গ্রুপ’ থেকে প্রকাশিত হয় এর আনুষ্ঠানিক রিমাস্টার সংস্করণ। সংগীতের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও জায়গা করে নেয় গানটি। ২০২০ সালে ফ্যাশন ব্র্যান্ড লোয়ের ‘পলা’স ইবিজা’ ক্যাম্পেইনে ব্যবহার করা হয় ‘আজ শনিবার’। রূপার আনন্দ, গানের নতুন ঠিকানা চার দশক আগে যে গান খুব বেশি শ্রোতার কাছে পৌঁছাতে পারেনি, সেই গানই এখন আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত। এবার ‘জিটিএ-৬’-এর রেডিও স্টেশনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে গানটি আরও বড় পরিসরে পৌঁছে যাচ্ছে নতুন শ্রোতাদের কাছে। ভিডিও গেমের বিশাল আন্তর্জাতিক দর্শকগোষ্ঠী হয়তো এবার নতুন করে খুঁজে নেবে রূপা বিশ্বাস ও তার ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামকে। নিজের গানের এমন পুনরাবিষ্কারে আনন্দিত রূপা বিশ্বাসও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এত বছর পর মানুষ আমার গান পছন্দ করছে, এতে আমি খুব খুশি।” লাইভমিন্ট

More in Showbiz

View all

Latest news