একতরফা সাংস্কৃতিক বিনিময় নিয়ে হামিন আহমেদের প্রশ্ন

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। প্রায় ১০ মাস আগে স্থগিত হওয়া এই কনসার্টটি আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে হওয়ার কথা ছিল। ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের আয়োজনে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের।
আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা হবে।
একই সময়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় আরও দুটি আন্তর্জাতিক কনসার্টও স্থগিত করা হয়েছে। এর মধ্যে একটি আয়োজনে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও ব্যান্ড জালের পাশাপাশি বাংলাদেশের জেমস, নেমেসিস ও লেভেল ফাইভের পারফর্ম করার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠেয় কনসার্টটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান ম্যাক্স রিপাব্লিক।
পরপর আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হওয়ার এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন মাইলসের অন্যতম সদস্য ও সংগীতশিল্পী হামিন আহমেদ। কনসার্ট স্থগিতের একটি সংবাদ শেয়ার করে নিজের ফেসবুক পোস্টে তিনি মূলত বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিকতার বিষয়টি সামনে এনেছেন।
হামিনের প্রশ্ন, এখন পর্যন্ত কিংবা অন্তত গত পাঁচ বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছেন? একই প্রশ্ন ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করেন তিনি। তার মতে, দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক সুযোগ খুবই সীমিত।
তিনি লিখেছেন, ‘কিছুই একতরফাভাবে কাজ করে না। সম্পর্ক হতে হলে দুই পক্ষেরই সমান অংশগ্রহণ থাকতে হবে। না হলে কিছুই নয়। এখন প্রশ্ন হলো, এখন পর্যন্ত বা অন্তত গত পাঁচ বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছেন? সংখ্যাটা নিশ্চয়ই জানা যাবে। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানেও পারস্পরিক সুযোগ খুবই সীমিত।’
শিল্প-সংস্কৃতি কখনো একতরফাভাবে বিকশিত হয় না জানিয়ে হামিন বলেন,“এক পক্ষ দরজা খুলে রাখবে আর অন্য পক্ষ দরজা বন্ধ রাখবে- এভাবে সাংস্কৃতিক বিনিময় সম্ভব নয়। তাই বিপরীত দিকের দরজা বন্ধ থাকলে বাংলাদেশেরও কেন একতরফাভাবে দরজা খুলে রাখতে হবে, সেই প্রশ্ন থাকেই।”
বিদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজকদের নিয়ে হামিন প্রশ্ন রেখে বলেন, “আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- অনুষ্ঠানের জন্য পূর্ণ অনুমতি হাতে না থাকা অবস্থায় ইভেন্ট কোম্পানিগুলো কীভাবে টিকিট বিক্রি করার সুযোগ পায়? বারবার এমন ঘটনা কীভাবে ঘটছে? বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।”
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

