ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’ | চ্যানেল আই অনলাইন

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’ | চ্যানেল আই অনলাইন

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো রেদওয়ান রনি পরিচালিত নিশো অভিনীত ‘দম’। বড়পর্দায় এখনো চলছে সিনেমাটি। এরইমধ্যে আসছে ঈদুল আজহা, কিন্তু তার আগেই এবার ওটিটির দর্শক সুযোগ পাচ্ছেন ‘দম’ দেখার!

২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। বুধবার এমন ঘোষণার পর থেকেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা শুরু হয়েছে। প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটিক অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির মুক্তির ঘোষণা দর্শকদের সিনেমাটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ২০ মে রাত ১২টা (২১ মে, বাংলাদেশ সময়) থেকে দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। তারা বলতে চাইছেন, এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না।

রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে স্বীকার করেছেন ‘দম’ সিনেমাটি নির্মাণের মুন্সিয়ানার কথা। তারা বলতে চেয়েছেন বাংলা চলচ্চিত্রের মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে সিনেমাটি।

দর্শকদের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে তা হলো এর কারিগরি দক্ষতা। দর্শকরা মুগ্ধ হয়ে জানিয়েছেন, এমন অসাধারণ এবং উন্নত মানের ভিস্যুয়াল তারা বাংলা সিনেমায় দেখেননি। সিনেমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্সের কাজ এতটাই উপভোগ্য ছিল যে, বড় পর্দায় সিনেমাটি দেখার অভিজ্ঞতাকে অনেকে হলিউড সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

সিনেমার গল্প এবং প্রতিটি চরিত্রের অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। অনেক দর্শক সিনেমাটি দেখেছেন, কিন্তু এখনও অনেক দর্শক সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন। নানান রকম ব্যস্ততা বা ভৌগোলিক দূরত্বের কারণে সিনেমাটি দেখতে পারেননি অনেকে। তাদের জন্য চরকির এই ঘোষণা বড় পাওয়া হিসেবে এসেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ যেকোনো সময় এই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দশে–বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার।”

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাঁধা থাকছে না। চরকিতে যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।”

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।