
ওয়াশিংটন, ১৫ মে – ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একমত পোষণ করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফরকালে ফক্স নিউজকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প উল্লেখ করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার বিশদ আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি শি জিনপিংকে স্পষ্টভাবে জানিয়েছেন যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা মোটেও উচিত হবে না। তার মতে, চীনও এই অবস্থানে অনড় রয়েছে।
যদিও চীনা প্রেসিডেন্টের সরাসরি প্রতিক্রিয়া নিয়ে কিছুটা ইতস্ততবোধ করেন ট্রাম্প, তবুও তিনি শি জিনপিংকে একজন শান্ত ও ধীরস্থির নেতা হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের বিশ্বাস, চীনা প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরোধী।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন যে, শি জিনপিং তাকে জানিয়েছেন যদি কোনোভাবে মধ্যস্থতা করা সম্ভব হয়, তবে তিনি ইরান নিয়ে একটি টেকসই সমঝোতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চান। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা চীনের জন্য অত্যন্ত জরুরি।
কারণ বিশ্বের জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই জলপথ ব্যবহার করে। তিনি মনে করেন, চীন ইরান ইস্যুতে বেশ বাস্তববাদী অবস্থান নিয়েছে এবং তারা ওই অঞ্চলে নতুন কোনো সংঘাত দেখতে চায় না। ওয়াশিংটনের ধারণা, চীন ইরানকে দেওয়া সরাসরি সামরিক সহায়তা সীমিত রাখবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বেইজিং ও ওয়াশিংটনের স্বার্থ বর্তমানে এক বিন্দুতে মিলছে।
এস এম/ ১৫ মে ২০২৬






