লেবাননে হিজবুল্লাহর অভিযানে ৩ দিনে ৬ ইসরায়েলি সেনা নিহত – DesheBideshe

লেবাননে হিজবুল্লাহর অভিযানে ৩ দিনে ৬ ইসরায়েলি সেনা নিহত – DesheBideshe


লেবাননে হিজবুল্লাহর অভিযানে ৩ দিনে ৬ ইসরায়েলি সেনা নিহত – DesheBideshe

বৈরুত, ২১ জুন – দক্ষিণ লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গত তিন দিনে দখলদার ইসরায়েলের অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন সেনা। রোববার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে প্রাণহানির সংখ্যা বেড়েছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টারের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানায় যে গত ২ মার্চ হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত মোট ৩৬ জন ইসরায়েলি সেনা নিহত হলেন।

এদিকে ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি করার পর ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে অভিযোগ করা হচ্ছে যে তাদের প্রধান শত্রু ইরানের সঙ্গে চুক্তি করে ট্রাম্প তাদের পরিত্যাগ করেছেন।

অনেক বিশ্লেষক এই চুক্তিকে এক ধরনের বেঈমানি হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও এই চুক্তির শর্ত নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইসরায়েলি হায়মে প্রকাশিত এক মতামত কলামে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তিনি ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সঙ্গে আত্মসমর্পণের চুক্তি সই করেছেন। মূলত স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের এই সমঝোতা নিয়ে ইসরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এস এম/ ২১ জুন ২০২৬