স্পেন মরক্কো থেকে অভিবাসীদের দ্বিতীয় দফা ঢল আসার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো থেকে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকবার সীমান্ত অতিক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনার কারণে এমন আশঙ্কার খবর ছড়িয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় পত্রিকাটিকে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে গত সপ্তাহের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করে তারা।
কেন হাজারো অভিবাসী সেউতায় প্রবেশ করেছিলেন, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার ম্যাগনুস ব্রুনার বলেছেন, এ ঘটনার পেছনে ভুয়া তথ্য ছড়ানো বিভিন্ন অপরাধী চক্র দায়ী হতে পারে। স্পেন সরকারও এই মূল্যায়নের সঙ্গে একমত হয়েছে।




