LATEST
রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। শতাব্দীর পর শতাব্দী জুড়ে গুম-খুনের বিচার! জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে Orca Energy Group Inc. Announces Completion of Q3 2026 Interim Filings আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’ The Hunger Games are back for another course, but this one’s a little overcooked
Top News

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

রাজধানীর ধানমন্ডিতে পূরবী জুয়েলার্সে পৌনে তিন বছর আগে একবার সোনা চুরির চেষ্টা করা হয়েছিল। সেবার নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাইয়ে অচেতন করে সোনা চুরির পরিকল্পনা করা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে মোরগ-পোলাওয়ে চেতনানাশক খাইয়ে একই জুয়েলার্সে সোনা চুরি করা হলো।

পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের নিজস্ব দুজন নিরাপত্তাকর্মীকে অচেতন করে স্বর্ণ চুরির চেষ্টা চালানো হয়েছিল। তখন মার্কেট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুজন কর্মী কারও বিয়ে হয়েছে জানিয়ে আমাদের নিজস্ব দুই নিরাপত্তাকর্মীকে মিষ্টি খাইয়েছিল। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরই একজন নিরাপত্তাকর্মী পুরোপুরি অচেতন হয়ে পড়েন। অন্যজন অসুস্থবোধ করলেও পুরোপুরি অচেতন হওয়ার আগেই কৌশলে শোরুমের ব্যবস্থাপককে বিষয়টি জানাতে পেরেছিলেন।’

জোবায়ের বলেন, ওই সময় শোরুমের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিককে জানিয়েছিলেন। মালিকের পক্ষ থেকে ধানমন্ডি থানায় খবর দেওয়া হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা চুরির কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি মার্কেটের পেছনে শৌচাগারের পাশে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। তিনি বলেন, ওই ঘটনার পর শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। চুরি না হওয়ায় বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। এ সুযোগে মার্কেটের যে দুজন নিরাপত্তাকর্মী মিষ্টি খাইয়েছিলেন, তারা পালিয়ে যায়।

এবার (শুক্রবার রাতে) শোরুমে নিয়ে আসা বিভিন্ন চুরির যন্ত্রপাতির সঙ্গে ২০২৪ সালে মার্কেটের পেছনে ফেলে যাওয়া যন্ত্রপাতির হুবহু মিল রয়েছে বলে উল্লেখ করেন জোবায়ের।

এদিকে শুক্রবার দিবাগত রাতে পূরবী জুয়েলার্সে চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন মালিক অমিত ঘোষ। মামলায় চুরি হওয়া সোনার বাজারমূল্য দেখানো হয়েছে ৩৮ কোটি টাকা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন ছয় নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৪ সালের ঘটনার জিডির বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ওই জিডির বিষয়ে মালিকপক্ষ কিছু জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

More in Top News

View all

Latest news