LATEST
রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। শতাব্দীর পর শতাব্দী জুড়ে গুম-খুনের বিচার! জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে Orca Energy Group Inc. Announces Completion of Q3 2026 Interim Filings আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’ The Hunger Games are back for another course, but this one’s a little overcooked
Districts News Updates

রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’

রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’

খেজুরের রসের ‘র’ও নেই অথচ তৈরি হচ্ছে একদম ‘খাঁটি গুড়’! শীতের আগমনের শুরুতেই যখন মানুষের আগ্রহ থাকে খেজুরের গুড়ের প্রতি, তখন তত্পর হয়ে উঠেছে সেই অতি পরিচিত অসাধু চক্র। উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, কাপড়ের রং, আটা, রাসায়নিক পদার্থ, ভেষজ নির্যাস ও খেজুরের গুড়ের কৃত্রিম ফ্লেভার। এসব উপাদান মিশিয়ে রাতারাতি তৈরি হচ্ছে শত শত মণ গুড়। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এমন দেড় শতাধিক কারখানা। সেখান থেকে প্রতিদিন শত শত মণ ভেজাল গুড় ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে। এতে একদিকে প্রতারিত হচ্ছেন ক্রেতারা, অন্যদিকে নষ্ট হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম। বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকিও।

স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুম শুরু হলেই একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী নকল গুড় বানাতে ওস্তাদ কারিগর ভাড়া করে এসব কারখানা চালু করেন। প্রতিটি কারখানায় রাতারাতি তৈরি করা হচ্ছে ২০০ থেকে ৩০০ কেজি গুড়। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা, বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এলাকায় এ ধরনের কারখানার বিস্তার ঘটেছে। পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকাতেও একইভাবে তৈরি হচ্ছে রাসায়নিক মিশ্রিত গুড়। গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা গ্রামে এবং ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নকল গুড় তৈরির রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় খেজুরগাছ রয়েছে ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। অর্থাত্ এই তিন উপজেলাতেই রয়েছে জেলার প্রায় তিন-চতুর্থাংশ খেজুরগাছ। তবে প্রতি বছরই জেলায় খেজুরগাছের সংখ্যা কমছে। গাছের সংখ্যা কমলেও গুড়ের উত্পাদন ও বাজারজাত বাড়ছে অস্বাভাবিক হারে। এই তিন উপজেলাসংলগ্ন পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। প্রতিদিন এ হাটে প্রায় ১০০ থেকে ১১০ টন গুড় আমদানি হয়। সপ্তাহে দুই দিন বড় হাটে এ পরিমাণ দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টন। এছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়। ভোর থেকেই আশপাশের এলাকা থেকে ভ্যান, নসিমনসহ বিভিন্ন যানবাহনে এসব গুড় হাটে আসে।

যেভাবে তৈরি হচ্ছে নকল গুড় :সরেজমিন চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লোকচক্ষুর আড়ালে নয়, প্রকাশ্যে বাড়ির উঠানে চলছে ‘গুড়’ তৈরির কারবার। টিনের বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। কিছুক্ষণ পর তাতে মেশানো হয় আটা, খেজুরের গুড়ের ফ্লেভার (এটাও কেমিক্যাল), হোটেলের মিষ্টির ঝোল, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। পরে নির্দিষ্ট প্রক্রিয়ায় ঠান্ডা করে তৈরি করা হয় চকচকে গুড়। এই পণ্যে খেজুরের রসের কোনো অস্তিত্বই থাকে না।

প্রকৃত খেজুরের গুড় তৈরির সঙ্গে যুক্ত কারিগররা বলছেন, প্রাকৃতিক নানা কারণে আগের মতো খেজুরগাছে রস পাওয়া যাচ্ছে না। রসের পরিমাণ কমে যাওয়ায় খাঁটি গুড় তৈরি করাও কঠিন হয়ে পড়েছে। উত্পাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এতে খেজুরের গুড়ের স্বাদ কিছুটা বজায় থাকে। এসব গুড় অনলাইন বিক্রেতারা ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে কিনে বাজারজাত করেন। অন্যদিকে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি গুড় বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে।

চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ভেজাল গুড়ে রাসায়নিক ফ্লেভার মেশানোর কারণে আসল গুড়ের চেয়ে ঘ্রাণ বেশি হয়। অথচ আসল গুড় তৈরি করা অনেক কষ্টের কাজ। বড় আড়তদাররা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে শত শত মণ রাসায়নিক গুড় তৈরি করাচ্ছেন। এ কারণে বাজার থেকে প্রকৃত খেজুরের গুড় হারিয়ে যেতে বসেছে।’

বাঘার মীরগঞ্জ এলাকার গাছি রফিকুল ইসলাম বলেন, ‘খেজুরের গুড়ের সেই স্বাদ ও গন্ধ এখন আর নেই। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারছি না। আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। আমরা যতটুকু গুড় তৈরি করি, অনলাইন বিক্রেতারা বাড়ি থেকে এসে তা কিনে নিয়ে যান।’

বাড়ছে স্বাস্থ্যঝুঁকি :চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, গুড়ের সঙ্গে কোনো ধরনের অননুমোদিত উপাদান মেশানো ঠিক নয়। রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের গুড় ব্যবহার করা হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। দীঘর্েময়াদি ক্ষতিকর উপাদানের সংস্পর্শে কিডনি, হূদ্্যন্ত্র ও লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উত্পাদন বেড়েছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

অভিযান অব্যাহত রাখার আশ্বাস :বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, ‘কারখানাগুলোতে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে, অথচ তাতে এক ফোঁটা খেজুরের রসও নেই। অভিযান চালিয়ে কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভেজাল ও নকল খাদ্য নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’।

More in Districts News Updates

View all

Latest news