LATEST
রাজাপুরে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। শতাব্দীর পর শতাব্দী জুড়ে গুম-খুনের বিচার! জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে Orca Energy Group Inc. Announces Completion of Q3 2026 Interim Filings আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ‘খাঁটি গুড়’ The Hunger Games are back for another course, but this one’s a little overcooked
Districts News Updates

ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে

ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২৫টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ‘গৃহায়ন ধানমন্ডি’ আবাসিক প্রকল্পের আওতায় এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। এজন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ধানমন্ডি রোড-৬/এ বাড়ি নং ৭১১ (নতুন ৬৩) এর ওপর নির্মিত ২০৩০ বর্গফুট আয়তনের অবশিষ্ট ১২টি ও ২১৬৬ বর্গফুট আয়তনের অবশিষ্ট ১৩টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

ফ্ল্যাট বরাদ্দ

ফ্ল্যাটগুলোর আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ স্থান অন্তর্ভুক্ত। তবে আয়তন কমবেশি হতে পারে।

আগ্রহী আবেদনকারীদের ২৬ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সিটি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলো থেকে ব্যাংকিং সময়ের মধ্যে প্রসপেক্টাস সংগ্রহ ও পূরণ করা আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এজন্য রাজধানীর ধানমন্ডি, গুলশান, মিরপুর ও নয়াপল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সিটি ব্যাংকের ১৪টি শাখা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের শাখাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।

আবেদন করবেন যেভাবে
গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রসপেক্টাস ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) ফ্ল্যাট ক্রয়ের লক্ষ্যে আবেদনকারীদের জন্য সুনির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলী প্রকাশ করা হয়েছে। গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত প্রসপেক্টাস ও আবেদনপত্রের নিয়মাবলী অনুযায়ী, বাংলাদেশের নাগরিক এবং প্রবাসীরা নির্ধারিত শর্ত সাপেক্ষে এই ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা ও শর্তসমূহ

বাংলাদেশের নাগরিক হতে হবে
১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর পূর্ণ হতে হবে
আবেদনকারী, তার স্ত্রী বা স্বামী, সন্তান কিংবা পোষ্যের নামে যদি আগে থেকেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (সাবেক গৃহসংস্থান অধিদপ্তর), রাজউক (সাবেক ডিআইটি) বা অন্য কোনো সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কোনো প্লট বা ফ্ল্যাট বরাদ্দ নেওয়া থাকে, তবে তিনি আবেদন করতে পারবেন না। আগে বরাদ্দ পাওয়া প্লট বা ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর করে থাকলেও তিনি বরাদ্দ পেয়েছেন বলে গণ্য হবেন। পরবর্তীতে এমন তথ্য প্রমাণিত হলে বরাদ্দ আদেশ বাতিলসহ জমাকৃত অর্থ বাজেয়াপ্ত করা হবে।
gov (4)ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ
প্রবাসীরা আবেদন করবেন যেভাবে

বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও (এনআরবি) এই ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে-

হলফনামা: আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের নোটারি পাবলিক অথবা বাংলাদেশ দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সামনে সম্পাদিত হলফনামা জমা দিতে হবে।

আবেদন ফি: এরপর চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বরাবর বেসিক ব্যাংক লিমিটেডের (প্রধান শাখা, মতিঝিল, ঢাকা) নির্ধারিত বৈদেশিক মুদ্রা হিসাবে ৪০ মার্কিন ডলার জমা দিতে হবে। তবে এই অর্থ আর ফেরত দেওয়া হবে না।

প্রসপেক্টাস ও ফরম সংগ্রহ: অর্থ জমার পর কাঙ্ক্ষিত ঠিকানা উল্লেখ করে ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে জানালে ডাকযোগে প্রসপেক্টাস পাঠানো হবে। তবে হার্ড কপি সংগ্রহে ব্যর্থ হলে কেবল প্রবাসীরাই কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.nha.gov.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে জমা দিতে পারবেন।

ফ্ল্যাটের আয়তন ও জামানত জমা দেওয়ার নিয়ম

আগ্রহী আবেদনকারীদের ৫ হাজার টাকা জমা দিয়ে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেগুনবাগিচা, ঢাকা’-এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জামানত জমা দিতে হবে।

ফ্ল্যাটের আয়তনভেদে জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে-

২০৩০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ১০ লাখ টাকা জামানত জমা দিতে হবে। আর ২১৬৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য জামানত জমা দিতে হবে ১৫ লাখ টাকা।

ফ্ল্যাটের মূল্য ও দখল হস্তান্তর

প্রতি বর্গফুট ফ্ল্যাটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। ২০৩০ বর্গফুট ফ্ল্যাটের সাময়িক মূল্য ৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ২১৬৬ বর্গফুট ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।

তবে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি কিংবা ফ্ল্যাটের আয়তন হ্রাস-বৃদ্ধির মতো যৌক্তিক কারণে নির্মাণ ব্যয় বাড়লে ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে বরাদ্দ প্রাপককে বর্ধিত মূল্য পরিশোধে সম্মত থাকতে হবে। এছাড়া, প্রকল্পের স্বার্থে কর্তৃপক্ষ মূল্য তালিকায় যেকোনো পরিবর্তন ও সমন্বয় করার ক্ষমতা রাখে, যার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

এছাড়া কার পার্কিংয়ের জন্য অতিরিক্ত ১০ লাখ টাকা চার কিস্তিতে পরিশোধ করতে হবে। তবে কোনো আবেদনকারীর একের অধিক কার পার্কিংয়ের প্রয়োজন হলে তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ১৫ঢাকার বাইরে প্লট-ফ্ল্যাট দেবে সরকার
নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে এবং ফ্ল্যাটের মোট বা সংশোধিত মূল্যের ৫০ শতাংশ টাকা পরিশোধ করলেই বরাদ্দ প্রাপক ফ্ল্যাটের দখল বুঝে পাবেন। বাকি টাকা সব কিস্তিতে পরিশোধের পর নিজ খরচে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে ফ্ল্যাটের ইজারা চুক্তি (লিজ ডিড) সম্পন্ন করে নিতে হবে।

ফ্ল্যাট বরাদ্দ যেভাবে

আবেদনকারীদের মধ্য থেকে কোনো কোটা ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখের পরবর্তী চার মাসের মধ্যে বরাদ্দের কাজ সম্পন্ন করা হবে। তবে বিশেষ প্রয়োজনে মন্ত্রণালয় এই সময় বাড়াতে পারবে।

ফ্ল্যাটের মূল্য ও কিস্তি পরিশোধের নিয়ম

ফ্ল্যাটের বরাদ্দ পাওয়া ব্যক্তিরা চাইলে একবারে পুরো টাকা অথবা কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে রেডি ফ্ল্যাটের মোট মূল্যের ৫০ শতাংশ বরাদ্দপত্র পাওয়ার দুই মাসের মধ্যে দিতে হবে। এই টাকার ওপর কোনো সুদ দিতে হবে না।

অথবা ২৫ শতাংশ টাকা বরাদ্দপত্র পাওয়ার দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে। আর বাকি ২৫ শতাংশ টাকা এক বছরের মধ্যে দিতে হবে। এক্ষেত্রে কোনো বিলম্ব ফি লাগবে না। এই ৫০ শতাংশ টাকা পরিশোধের পর ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়া হবে।

ফ্ল্যাটের দখল পাওয়ার পর বাকি ৫০ শতাংশ টাকা দুইভাবে পরিশোধ করা যাবে। বাকি টাকা একবারে পরিশোধ করা যাবে। এজন্য ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। অথবা সর্বোচ্চ ৬ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে ১২ শতাংশ সুদ দিতে হবে।

অন্যদিকে কিস্তি বা ডাউন পেমেন্ট দিতে দেরি হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিলম্ব ফি দিতে হবে। এ বিষয়ে ‘বরাদ্দ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ অনুসরণ করা হবে।

আবাসন খাতে গতি ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
কোনো ধরনের জটিলতা বা আপত্তি উঠলে সেক্ষেত্রে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফ্ল্যাট বরাদ্দ না পেলে টাকা ফেরত পাবেন যেভাবে

যিনি ফ্ল্যাট বরাদ্দ পাবেন তার জামানতের টাকা সংশ্লিষ্ট ফ্ল্যাটের মূল্য বাবদ প্রথম কিস্তির (ডাউন পেমেন্ট) টাকার সঙ্গে সমন্বয় করা হবে। আর যেসব আবেদনকারী ফ্ল্যাট বরাদ্দ পাবেন না, তারা যদি জামানতের টাকা সরাসরি নিজ ব্যাংক হিসাবে ফেরত পেতে চান, তবে তাদের অবশ্যই আবেদনপত্রের ক্রমিক নম্বর-১৭-এ উল্লিখিত ছকে অনলাইন ব্যাংকিং সুবিধাযুক্ত বাংলাদেশের যেকোনো ব্যাংকের হিসাব নম্বর, ব্যাংকের নাম, শাখা এবং রাউটিং নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে।

ব্যাংক হিসাবের তথ্য না দিলে বরাদ্দ প্রাপকদের তালিকা প্রকাশের পর সর্বোচ্চ ৩ মাসের মধ্যে জামানতের টাকা ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষরিত আবেদনপত্র এবং জামানত জমার মূল রশিদ জমা দেওয়া সাপেক্ষে ‘নির্বাহী প্রকৌশলী, মিরপুর গৃহসংস্থান বিভাগ-২, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, মিরপুর, ঢাকা’ অফিস থেকে ‘অ্যাকাউন্ট পেয়ি চেক’-এর মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ফেরত দেওয়া হবে। তবে ফেরতকৃত জামানতের ওপর কোনো প্রকার সুদ প্রদান করা হবে না।

যেসব কারণে আবেদন বাতিল হতে পারে
আবেদনপত্র অসম্পূর্ণ বা অস্বাক্ষরিত থাকলে এবং এতে কোনো অসত্য বা ত্রুটিপূর্ণ তথ্য দেওয়া হলে তা বাতিল হবে
আবেদনপত্রে কোনো ধরনের ঘষামাজা করা হলে বা ফ্লুইড ব্যবহার করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
।
আবেদনকারীর নিজ নামে ইস্যুকৃত আবেদনপত্র ছাড়া অন্য কারও নামের ফরমে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে
মূল আবেদনপত্রের পরিবর্তে ফটোকপিকৃত ফরমে আবেদন জমা দিলে তা সরাসরি বাতিল করা হবে
প্রসপেক্টাসের অনুচ্ছেদ ৮.০ অনুযায়ী নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্রের কোনো একটি বাদ পড়লে আবেদনপত্র বাতিল হয়ে যাবে।

তথ্য গোপনের শাস্তি
যদি কোনো আবেদনকারী তথ্য গোপন করে আবেদন করেন এবং পরবর্তীতে তা প্রমাণিত হয়, তবে তার বরাদ্দকৃত ফ্ল্যাট বাতিল করা হবে। একইসঙ্গে ফ্ল্যাটের জন্য পরিশোধ করা তার সব অর্থ বাজেয়াপ্ত করা হবে।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.nha.gov.bd) পাওয়া যাবে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ঢাকায় সরকারি ফ্ল্যাট বরাদ্দ: কারা পাবেন, আবেদন করবেন যেভাবে।

More in Districts News Updates

View all

Latest news