কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামসংবলিত একটি নামফলক সাদা রং দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শহিদ মিনার ও পাশের চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চানমারী এলাকায় প্রশিক্ষণ নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ওই সময়ের স্মৃতি সংরক্ষণে সেখানে গুলির চিহ্নসহ নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত একটি নামফলক স্থাপন করা হয়েছিল। তবে রাতের আঁধারে কে বা কারা সাদা রং দিয়ে নামফলকে থাকা মুক্তিযোদ্ধাদের নাম মুছে দেয়।
মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি শহিদ মিনার এলাকায় গিয়ে নামফলকটি সাদা রং দিয়ে মুছে ফেলার বিষয়টি দেখতে পান। ১৯৭১ সালে প্রশিক্ষণের সময় চানমারীতে গুলির চিহ্ন এবং পাশে নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত ফলক ছিল। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেওয়ানগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলম মিয়া বলেন, ‘আমি এই রৌমারীতে প্রশিক্ষণ নিয়েছি। ঘটনার কথা শুনেই এখানে এসেছি। সে সময় এখানে অনেক প্রশিক্ষণ হয়েছে। ১৯৭১ সালের স্মৃতি যারা মুছে দিতে চায়, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চানমারীতে সেই সময়ের শত শত গুলির চিহ্ন রয়েছে। দেশের জন্য জীবন দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে ফেলার ঘটনায় আমরা নিন্দা জানাই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
The post কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের নামফলক সাদা রং দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.