গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে হঠাৎ পরপর দু’টি বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দু’টি বিস্ফোরণের বিষয়টি জানতে পারে স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। তবে কারা, কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া বলেন, ‘আমাদের কার্যালয়ের সামনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে।’
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বস্তুগুলো ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
The post গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের পাশে পরপর ২টি ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.